প্রভাষক, রাজউক মডেল কলেজ, ঢাকাসুপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান বিষয়টি খুব যত্ন সহকারে পড়তে হয়। কারণ, বারবার না পড়লে তোমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যেত পার। তাই যে প্রশ্নগুলো তোমরা পড়ছ, সেগুলো রিভিশন দিয়ে হলে যাবে। তোমরা পদার্থবিজ্ঞানের নম্বরপত্র সম্পর্কে অবগত আছ। এ বিষয়ে রচনামূলক প্রশ্নের নম্বর ৪৫ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৩০ নম্বরের। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বলবিজ্ঞান থেকে দুটি রচনামূলক প্রশ্ন থাকবে এবং এর মধ্যে একটির উত্তর দিতে হবে। তবে প্রথম থেকে পঞ্চম অধ্যায় ভালো করে পড়লে একটি রচনামূলক প্রশ্নের উত্তর করতে পারবে। দ্বিতীয় অংশ তাপবিজ্ঞান থেকে তাপ ও গ্যাস, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অবস্থার পরিবর্তন—এই অধ্যায়গুলো ভালোভাবে পড়লে এখান থেকে একটি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তৃতীয় অংশ শব্দবিজ্ঞানের মধ্যে তরঙ্গ ও শব্দ এবং শব্দের গতিভেদ—এই দুটি অধ্যায় ভালো করে পড়লে একটি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রেরও তিনটি ভাগ আছে। এর মধ্যে বিদ্যুৎ ও চুম্বক থেকে স্থির তড়িৎ, তড়িৎপ্রবাহ ও বর্তনী, তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বক পদার্থ ও ভূ-চৌম্বকত্ব অধ্যায়গুলো ভালোভাবে পড়লে একটি প্রশ্নের উত্তর দিতে পারবে। আলোকবিজ্ঞান থেকে আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন ও আলোর তরঙ্গতত্ত্ব অধ্যায় থেকে একটি প্রশ্ন পেতে পার এবং সর্বশেষ আধুনিক পদার্থবিজ্ঞান থেকে ইলেকট্রন ও ফোটন, পরমাণু এবং আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অংশ থেকে একটি রচনামূলক প্রশ্ন পেতে পার। পদার্থবিজ্ঞান বিষয়ে গণিতের ওপর গুরুত্ব দিতে হবে। কারণ, প্রতিটি প্রশ্নের সঙ্গে একটি করে অঙ্ক থাকে। অঙ্কে অনেক সময় তোমরা একক লিখতে ভুল করো। এতে ১ নম্বর কেটে নেওয়া হয়। তাই এককগুলো লিখতে যাতে ভুল না হয়, সেদিকে লক্ষ রাখবে। গাণিতিক টার্মগুলো যাতে পরীক্ষার হলে গিয়ে ভুলে না যাও, সে জন্য বারবার খাতায় লিখে অভ্যাস করবে। পরীক্ষার হলে গিয়ে যে প্রশ্নটি তুমি খুব ভালো জানো, সেটির উত্তর আগে লিখবে। খেয়াল রাখবে, উত্তরপত্রে যেন কোনো কাটাকাটি বা ঘষাঘষি না হয়। সব সময় পরীক্ষার খাতায় সাবধানতা অবলম্বন করবে।