মনের মধ্যে সাহস রাখবে
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের সব প্রস্তুতি শেষ করেছ। এখন চলছে শেষ মুহূর্তের রিভিশন। এ সময় আমি তোমাদের কয়েকটি বিষয় মনে করিয়ে দিতে চাই, যা তোমাদের পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করতে পারে। প্রথমেই বলব আত্মবিশ্বাসের কথা। মনের মধ্যে অবশ্যই সাহস রাখবে এবং বিশ্বাস করবে তোমার প্রস্তুতি অনেক ভালো। কোনোভাবেই ভয় পাবে না। কারণ মানসিক দুর্বলতা পরীক্ষা খারাপ হওয়ার অন্যতম কারণ। এখন বলব পরীক্ষার খাতার সৌন্দর্যের বিষয়ে। মনে রাখবে, তোমার প্রতিনিধি কিন্তু তোমার খাতা। তাই পরীক্ষার খাতা ঝকঝকে, পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া উচিত। হাতের লেখা খুব সুন্দর না হলেও সমস্যা নেই, তবে লেখাটা যেন স্পষ্ট হয়, কাটাকাটি-ঘষামাজা যেন না হয়। আর খাতায় মার্জিন তো অবশ্যই করবে। চারপাশ না হলেও অন্তত দুই পাশ মার্জিন করবে। এক প্রশ্নের উত্তর শেষে অন্য প্রশ্নের শুরুর মাঝখানে যথেষ্ট পরিমাণ জায়গা রেখো।
সৃজনশীল অংশের উত্তরে প্রয়োজনের অতিরিক্ত তথ্য দিয়ে বাহুল্য দোষ ঘটানোর দরকার নেই। একটি প্রশ্ন তার দক্ষতার স্তর অনুযায়ী যতটুকু উত্তর দাবি করে, ঠিক ততুটুকুই লিখবে, অপ্রয়োজনীয়-অপ্রাসঙ্গিক কথা লেখা থেকে বিরত থাকবে। আর রুটিনের মধ্যে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিটের জন্য হলেও খেলাধুলার সময় করে নেবে। খাওয়াদাওয়ার ব্যাপারে যত্নশীল হবে। টেনশনের কারণে অনেকেরই খাওয়ার রুচি কমে যায়। তবে সময়মতো পরিমিত খাদ্য গ্রহণ করো, যাতে তোমার দেহ সুস্থ থাকে। মনকে সুস্থ রাখার জন্য দৈনিক কিছু সময় বিনোদনের জন্য রাখতে ভুলে যেয়ো না যেন, তাতে তোমাদের মানসিক চাপ কিছুটা হলেও কমবে। সারাক্ষণ পরীক্ষা নিয়ে চিন্তা করলে অনেক সময় ঘুম কম হতে পারে, তাই এ ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখবে, যাতে প্রয়োজন অনুযায়ী দৈনিক বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে।
পরীক্ষা নিয়ে কোনো রকম টেনশন করবে না। মনে রাখবে তোমার পড়া বিষয়গুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে।
অধ্যক্ষ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা