শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এসইএসডিপি-এনসিটিবিসৃজনশীল পদ্ধতি অংশ-১প্রিয় ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ বাংলা ১ম পত্রের সৃজনশীল পদ্ধতি নিয়ে আলোচনা করবো। কেউ কেউ মনে করেন, এ প্রশ্নের বিভিন্ন অংশে যত নম্বর বরাদ্দ আছে, তত প্যারায় বিভক্ত করে উত্তর লিখতে হবে। আবার অনেকে মনে করেন, প্রশ্নের যে অংশে নম্বর যত বেশি, সেই অংশের জন্য তত বেশিসংখ্যক শব্দ ও বাক্য দিয়ে উত্তর লিখতে হবে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অনেক শিক্ষার্থী উদ্দীপক না বুঝে উত্তর লিখছে। তাতে ‘গ’ ও ‘ঘ’ অর্থাৎ প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের উত্তর সঠিক হয়নি। এসব ভুলত্রুটি পরিহার করে একটি সৃজনশীল প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর সঠিকভাবে লেখার ক্ষেত্রে বিবেচ্য দিকগুলোর ওপর আলোকপাত করাই এ লেখার মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য পূরণে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি নমুনা সৃজনশীল প্রশ্নের আলোচনা করা হলো।নিচে বাংলা ১ম পত্র বিষয়ের সৃজনশীল পদ্ধতির একটি নমুনা উদ্দীপক, প্রশ্ন এবং প্রশ্নোত্তর দেওয়া হলো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষযবস্তু ভালোভাবে পড়বে।উদ্দীপক: এসএসসি পরীক্ষায় ভালো করায় সুমনাকে তার বাবা একটি মোবাইল ফোন কিনে দিলেন। মোবাইল ফোনটি পেয়ে সুমনার খুশির সীমা নেই। সে এই মোবাইল ফোনের সাহায্যে খুব সহজে আমেরিকা প্রবাসী খালামণি, খালাতো ভাইবোনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে থাকে। বন্ধুদের সঙ্গেও নিয়মিত পড়াশোনার আলাপ চলতে লাগল। একসময় সে মোবাইল ফোনের বহুমুখী ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ল। রাত জেগে চলল তার এসএমএস প্রেরণ, চ্যাটিং আর ইন্টারনেট জগতে মাত্রাতিরিক্ত ভ্রমণ। ফলে এইচএসসি পরীক্ষায় সে খুবই খারাপ ফল করল।প্রশ্ন: ক. ‘মহাপতঙ্গ’ কোন ধরনের গল্প? ১প্রশ্ন: খ. চড়ুই পাখি মানুষকে ‘টেটন’ বলে অভিহিত করেছে কেন? ২প্রশ্ন: গ. সুমনার প্রথম পর্যায়ের মোবাইল ফোনের ব্যবহার ‘মহাপতঙ্গ’ গল্পের কোন দিকটির ইঙ্গিত করে? বর্ণনা করো। ৩প্রশ্ন: ঘ. সুমনার ফল বিপর্যয় আমাদের যে শিক্ষা দেয়, তা ‘মহাপতঙ্গ’ গল্পের আলোকে বিশ্লেষণ করো। ৪উত্তর প্রদানের কৌশল ও করণীয়: ওপরের সৃজনশীল প্রশ্নটির দিকে তাকালে প্রথমে দেখা যাবে, এ প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক আছে। এ উদ্দীপকটি কোনো একটি গদ্য বা গল্প অবলম্বনে রচিত। এই প্রশ্নের উত্তর লেখার আগে শিক্ষার্থীকে নিশ্চিতভাবে জানতে হবে, এ উদ্দীপকটি কোন গদ্য কিংবা গল্পের ছায়া অবলম্বনে রচিত। সে জন্য শিক্ষার্থীকে উদ্দীপকটি অধিক মনোযোগসহকারে পড়তে বা দেখতে হবে। এরপর ক ও খ (জ্ঞান ও অনুধাবনমূলক) অংশের উত্তর লিখতে হবে। এ দুটি অংশের উত্তর লেখার ক্ষেত্রে উদ্দীপকের সাহায্য নিতে হবে না। গ অংশটি সম্পূর্ণরূপে উদ্দীপকনির্ভর প্রশ্ন। উদ্দীপককে বাদ দিয়ে কোনোভাবেই এই প্রশ্নের উত্তর লেখা যায় না বিধায় উদ্দীপক পড়ে এবং বুঝে পাঠ্যবইয়ের জ্ঞান-বুদ্ধির আলোকে উত্তর লিখতে হবে। অবশ্য এ অংশের সঠিক উত্তর খুঁজে পেতে উদ্দীপক শিক্ষার্থীর মনে উদ্দীপনা সৃষ্টি করবে। যেহেতু পাঠ্যপুস্তকের বিষয়বস্তুকে কোনো বাস্তব ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে উদ্দীপক রচিত হয়ে থাকে। এই উদ্দীপক সংক্ষিপ্ত অনুচ্ছেদ আকার ছাড়াও মানচিত্র, সারণি, লেখচিত্র, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি আকারে হতে পারে। সুতরাং যখন যে আকারেই উদ্দীপক হোক না কেন, তা শিক্ষার্থীকে চিন্তা করতে সাহায্য করবে বিধায় এর প্রতিটি শব্দ ও বাক্য সঠিকভাবে উপলব্ধি করা প্রয়োজন।উদ্দীপক অংশ ভালোভাবে পড়া শেষে সৃজনশীল প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর লিখতে হয়। একটি সৃজনশীল প্রশ্নের চারটি অংশ থাকে। এই চারটি অংশ একই গদ্য বা গল্প থেকে নেওয়া হলেও প্রতিটি অংশ একে অপর অংশ থেকে সম্পূর্ণ ভিন্ন। মূলত শিক্ষার্থীদের চারটি অন্তর্নিহিত গুণ বা দক্ষতা পরিমাপের জন্য এভাবে প্রশ্নের অংশগুলো বিন্যস্ত করা হয়েছে। প্রশ্নের সঠিক উত্তরদানের জন্য শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের স্তর সম্পর্কে সম্যক অবহিত থাকা দরকার। যেমন—সৃজনশীল প্রশ্নের ‘ক’ অংশে শিক্ষার্থীর আগে জানা কোনো কিছু স্মরণ করে উত্তর লেখার ক্ষমতা যাচাই করা হয়। প্রশ্নের এই অংশের উত্তর সরাসরি পাঠ্যপুস্তকে পাওয়া যায়। প্রশ্নের ‘খ’ অংশে পাঠ্যপুস্তকে পরিবেশিত কোনো তথ্য, তত্ত্ব, সূত্র, ধারণা, নীতি কিংবা পদ্ধতি শিক্ষার্থী বুঝতে পারল কি না তা যাচাই করা হয়। এই অংশে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। এখানে শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের কোনো বিষয়বস্তু নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে বলা হয়। প্রশ্নের ‘গ’ (প্রয়োগমূলক) অংশে শিক্ষার্থীর শেখা কোনো সূত্র, নিয়ম, বিধি বা পদ্ধতি নতুন কোনো পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা যাচাই করা হয়। শিক্ষার্থীদের এ অংশে তাদের জানা বিষয়কে নতুন ঘটনা বা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নিয়ে অথবা তুলনা করে উত্তর লিখতে হয়। সর্বশেষ ‘ঘ’ (উচ্চতর দক্ষতা) অংশের মাধ্যমে শিক্ষার্থীদের বিচার-বিবেচনা করার দক্ষতা কিংবা কোনো বিশেষ বিষয়বস্তুকে বিভিন্ন উপাদানে ভেঙে একটির সঙ্গে অন্য উপাদানের কার্যকরণ সম্পর্ক দেখানোর দক্ষতা অথবা বিভিন্ন উপাদানে বিভক্ত জিনিসকে সমগ্রকে রূপদানের দক্ষতা কিংবা বিশেষ কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাচাই করা হয়। এ অংশের অনেকগুলো রূপ থাকলেও কোনো একটি রূপকে বিবেচনায় নিয়ে প্রশ্নকর্তা প্রশ্ন করে থাকেন। শিক্ষার্থী যদি ওই রূপটি সঠিকভাবে ধরতে পারে, তবে পূর্ণাঙ্গভাবে প্রশ্নের উত্তর দিয়ে ১০০ শতাংশ নম্বর প্রাপ্তি কোনো কঠিন বিষয় নয়। শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে উল্লিখিত সৃজনশীল প্রশ্নের চারটি অংশের মডেল উত্তর নমুনা আকারে দেওয়া হলো। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল