মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৪ শতাংশ
গত বছরের তুলনায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৪৬ শতাংশ, এ বছর তা বেড়ে হয়েছে ৯৪ দশমিক ৮ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এ বছর মোট অংশ নেওয়া পরীক্ষার্থী ছিল এক লাখ পাঁচ হাজার ৮৪৯ জন। এর মধ্যে পাস করেছেন ৯৯ হাজার ৫৮১ জন। সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ছয় হাজার ২৫ পরীক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গতকাল বুধবার এই ফল প্রকাশ করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তব্য দেন।
মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান পেয়েছে ডেমরার দারুল নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা, দ্বিতীয় স্থানে রয়েছে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও তৃতীয় স্থান পেয়েছে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা।
দেশসেরা ২০ মাদ্রাসার তালিকায় এরপর যথাক্রমে রয়েছে তামিরুল মিল্লাতের মহিলা শাখা, কুমিল্লার মকরা ডি এস এন ফাজিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত, পিরোজপুরের ছরছিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুরের তুমচর এস ই ফাজিল মাদ্রাসা, রংপুরের ধাপ সাতগড়া বাইতুল মুকাররাম কামিল মাদ্রাসা, নরসিংদীর জামিয়া-ই-কাসেমিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রামের জামিয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, কুমিল্লার সুলতানপুর ফাজিল মাদ্রাসা, তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট গার্লস কামিল মাদ্রাসা, ফেনীর আল জমিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রামের বাইতুশ শরাফ আদর্শ কামিল মাদ্রাসা, রাজবাড়ীর ভান্ডারিয়া এস আই ফাজিল মাদ্রাসা, খুলনা কামিল মাদ্রাসা, চট্টগ্রামের মাজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও খুলনার খান এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা।