মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.২০%
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় পাসের হার এবার ৯০ দশমিক ২০ শতাংশ। গত বছর ওই হার ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ। অবশ্য জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমেছে।
এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ২ লাখ ৫৪ হাজার ৬২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ২৯ হাজার ৬৬৬ জন। আর জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৩৩৮ জন। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১৪ হাজার ১৩ জন।
পাসের হারের ভিত্তিতে সেরা ১০টি প্রতিষ্ঠান হলো ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, নরসিংদীর জামিয়া ই কাশেমিয়া কামিল মাদ্রাসা, রংপুরের ধাপ সাতগরা বায়তুল মুকাররম কামিল মাদ্রাসা, নরসিংদীর জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার মহিলা শাখা, রাজশাহীর আল মারকাজুল ইসলামি আস সালাফি দাখিল মাদ্রাসা, টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহিলা শাখা এবং ঢাকার উত্তরার তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা।