মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির কার্যক্রম পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরসহ দেশের বিভাগীয় ও জেলা সদরে অবস্থিত (চট্টগ্রাম মহানগর ছাড়া) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ ও জমা দেওয়ার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টায় শুরু হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের মাধ্যমে এই কার্যক্রম শুরুর কথা ছিল।

কিন্তু আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের কথা জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল বেলা পৌনে ১১টায় ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি ও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিশেষ অতিথি থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সূত্র জানায়, মূলত এই অনুষ্ঠানের কারণেই অনলাইনে ভর্তির কাজ শুরুর সময় পেছানো হয়েছে।
তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আবেদনপত্র গ্রহণের শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটই রাখা হয়েছে।