মানবিক বিভাগের অর্ধেক শিক্ষার্থী পাস করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার তুলনায় মানবিক বিভাগের শিক্ষার্থীরা এ বছর বেশি খারাপ করেছেন। যার প্রভাব পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির সামগ্রিক ফলাফলে। যে কারণে গত বছরের তুলনায় চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৮৭ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ৬৮ দশমিক ৩৬ শতাংশ। আর মানবিক বিভাগে পাসের হার ৫২ দশমিক ৩৩ শতাংশ। তিন বিভাগ মিলে বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১২৯ জন। এর মধ্যে মানবিকে পেয়েছেন মাত্র ৭৬ জন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগের ১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
গত বছর মানবিকে পাসের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। আর বোর্ডে মোট পাসের হার ছিল ৭০ দশমিক ০৬ শতাংশ। মোট জিপিএ-৫ ছিল ২ হাজার ৬৪৬ জন।
এইচএসসিতে এবার চট্টগ্রাম বোর্ডের ২১৭টি কলেজ থেকে ৮০ হাজার ৭৬৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৭৯৮ জন। এই বিভাগের শিক্ষার্থীদের ফল খারাপ হওয়ার বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, যুক্তিবিদ্যা ও অর্থনীতি বিষয়ে খারাপ করায় এই ফল হয়েছে। মানবিক বিভাগের শিক্ষার্থীরা আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) বিষয়েও খারাপ করেছে। এ ছাড়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার কারণে কলেজগুলোতে ঠিকভাবে পাঠদান করা হয়নি। এসব কারণে ফলের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
মানবিকের ফল খারাপ হওয়ার বিষয়ে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ সজল কান্তি পাল বলেন, এ বছর আইসিটি বিষয়টি নতুন চালু করা হয়েছে। মানবিকের অনেক ছাত্রছাত্রী এ বিষয়টি ভালোভাবে বুঝতে পারেনি। পরীক্ষায় এর প্রভাব পড়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রায় ৮৬ শতাংশ শিক্ষার্থী আইসিটি বিষয়ে পাস করেছে। কিন্তু মানবিকের শিক্ষার্থীদের এই বিষয়ে পাসের হার ৭৬ দশমিক ৫৭ শতাংশ।
শিক্ষা বোর্ডের এবারের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাস করেছেন ৫১ হাজার ২৪৩ জন। এবারে পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার যেখানে ৬১ দশমিক ৮১ শতাংশ, সেখানে ছাত্রীদের পাসের হার ৬৫ দশমিক ১১ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চার বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে এক হাজার জন। ২০১২ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ১৪৫ পরীক্ষার্থী।
পিছিয়ে পার্বত্য জেলা, এগিয়ে মহানগর: বরাবরের মতো এবারও পাসের হারে পিছিয়ে আছে বোর্ডের অধীনে থাকা তিন পার্বত্য জেলার কলেজগুলো। এর মধ্যে রাঙামাটির পাসের হার সবচেয়ে কম—৪৩ দশমিক ৯১ শতাংশ। গতবার এ জেলায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৫২ শতাংশ। খাগড়াছড়ি জেলায় গতবার ৬৩ দশমিক ২৮ শতাংশ পরীক্ষার্থী পাস করলেও এবার করেছে ৫০ দশমিক ১৬ শতাংশ। বান্দরবানে গতবার পাসের হার ছিল ৬৫ দশমিক ২৮ শতাংশ। এবারের পাসের হার ৫৭ দশমিক ৯৯ শতাংশ।
কক্সবাজার জেলায় এবারের পাসের হার ৬৪ দশমিক ৮০ শতাংশ। গতবার ছিল ৭২ শতাংশ। এবার চট্টগ্রাম মহানগরে পাস করেছে ৭৬ দশমিক ৩৫ শতাংশ। চট্টগ্রাম জেলায় এ হার ৫৮ দশমিক ৭৩ শতাংশ।
পাসের হারে পার্বত্য জেলাগুলো পিছিয়ে থাকা প্রসঙ্গে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, পার্বত্য জেলাগুলোতে পর্যাপ্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংকট রয়েছে। সেখানকার অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। এসব কারণে এসব জেলা বরাবরই পিছিয়ে থাকে।
শতভাগ পাস চার কলেজে: বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বন্দর কর্তৃপক্ষ উচ্চবিদ্যালয় ও কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও রাউজানের বিনাজুরি নবীন উচ্চবিদ্যালয় ও কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে বিনাজুরি নবীন উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
সর্বোচ্চ জিপিএ-৫ চট্টগ্রাম কলেজের: চট্টগ্রাম কলেজ থেকে সর্বোচ্চ ৪৯৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে পেয়েছেন ৪২৪ জন। চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯০ জন, সরকারি কমার্স কলেজ থেকে ১৬৭ জন ও সরকারি সিটি কলেজ থেকে ১৩৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।