মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু ব্যবহূত হয় সেগুলোকে সম্পদ বলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী আজ তোমাদের সামাজিক বিজ্ঞান বিষয়ের ভূগোল অংশ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।ছুটির দিনে তামান্না ঘুম থেকে উঠে চা-পান শেষে পরিকল্পিত কাজগুলো বাস্তবায়ন করতে শুরু করে। ড্রয়ার খুলে গয়না পরে এবং খবরের কাগজ পড়তে আগ্রহী হয়ে ওঠে। খবরের কাগজে সে দেখতে পায় নানা সামগ্রীতে সমৃদ্ধ একটি ডিপার্টমেন্টাল স্টোরের বিজ্ঞাপন। সে দেখতে পায় ওই বিজ্ঞাপনে রয়েছে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের ছবিসহ নাম ও মূল্যের বিবরণ। তামান্না তার প্রয়োজনের কথা চিন্তা করে এবং বিভিন্ন দ্রব্যের ধরন ও মূল্য বিশ্লেষণ করতে কৌতূহলী হয়ে ওঠে। ক. সম্পদ কী? খ. কৃষিজ ও খনিজ সম্পদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। গ. বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে দুটি যে কোনো খনিজের বণ্টন দেখাও। ঘ. ‘কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের দান অপরিসীম’ উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর: ক. সহজ অর্থে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু ব্যবহূত হয় সেগুলোকে সম্পদ বলা হয়। অন্য অর্থে যার মাধ্যমে মানুষের চাহিদা এবং সামাজিক লক্ষ্য পূরণ সম্ভব হয় তাকে সম্পদ বলে। সাধারণত বস্তুগত সম্পদ নানা ধরনের, যথা—কৃষিজ, খনিজ, বনজ, শিল্পজ প্রভৃতি।উত্তর: খ. সম্পদ সাধারণত সেসব বস্তুকে বোঝায় যা মানুষের অভাব পূরণ করে। কৃষিজ ও খনিজ দ্রব্যসামগ্রী সম্পদের অন্তর্গত। কৃষিজ ও খনিজ সম্পদের পার্থক্য নিচে দেওয়া হলোকৃষিজ সম্পদ: ১. সাধারণত কৃষিক্ষেত্রে ভূমিকর্ষণ করে, পানি ও সার দিয়ে উৎপন্ন শস্য যা সম্পদ হিসেবে বিবেচিত হয় তাকে কৃষিজ সম্পদ বলে। যেমন: ধান, গম, পাট ইত্যাদি। তবে বর্তমানে মৎস্য চাষ, পশুপালনও কৃষিজ সম্পদের অন্তর্গত।২. কৃষিজ সম্পদ সাধারণত চাষাবাদ বা লালন-পালন করতে হয়। খনিজ সম্পদ: ১. খনি থেকে উত্তোলিত উপাদানগুলো খনিজ সম্পদ হিসেবে পরিচিত। যেমন: কয়লা, প্রাকৃতিক গ্যাস, সোনা ইত্যাদি। ২. খনিজ সম্পদ মূলত প্রাকৃতিকভাবে তৈরি হয়। উত্তর: গ. সম্পদ মানুষের চাহিদা নিবৃত করে। প্রশ্নানুসারে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে সম্পদ হিসেবে দুটি খনিজের বণ্টন নিচে দেওয়া হলো: [জানার জন্য, উত্তরে লেখবে না: প্রশ্নটি প্রয়োগমূলক হওয়ায় এখানে সম্পূর্ণভাবে প্রায়োগিক উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নের মান ৩। উল্লেখ্য, অন্য কোনো সম্পদ না দেখিয়ে প্রশ্নানুসারে কেবল দুটি খনিজ সম্পদেরই বণ্টন দেখাবে। যা জ্ঞানের স্তরকে সমর্থন করে। অন্যদিকে খনিজ অঞ্চলগুলো চিন্তাভাবনা করে তা সফলভাবে মানচিত্রে প্রয়োগ করা হয়েছে। সুতরাং তিনটি স্তর এখানে প্রকাশ পেয়েছে। এ ক্ষেত্রে আরও লক্ষ করবে মানচিত্র, চিত্র, ডায়াগ্রাম ইত্যাদি অঙ্কন করতে হলে অবশ্যই একটি বক্সের মধ্যে অঙ্কন করতে হবে। আর মানচিত্র হলে অবশ্যই দিক নির্ণয় করতে হবে। অন্যদিকে কী আঁকা হয়েছে তা বক্সের নিচে চিত্র শব্দটি লিখে উল্লেখ করতে হবে (উত্তর দ্রষ্টব্য)।]উত্তর: ঘ. খনিজ প্রকৃতিপ্রদত্ত সম্পদ। পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে যেমন—কৃষিজ, শিল্পজ, বনজ ও খনিজ। এ সম্পদ নানাভাবে অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে চলেছে, যেমন— i) শিল্পোন্নয়নে—খনিজ সম্পদ ছাড়া কোনো দেশই শিল্পক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে না। কারণ, শিল্প স্থাপনের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধাতব খনিজ। আবার শিল্প কারখানায় উৎপাদন করার জন্য ব্যবহার করা হয় জ্বালানি খনিজ। অন্যদিকে উৎপাদিত বিভিন্ন শিল্পজ দ্রব্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ii) শিল্পের কাঁচামাল হিসেবে— বিভিন্ন শিল্প কারখানায় খনিজ সম্পদ বিশেষত প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়। শিল্পে উৎপাদিত দ্রব্য সামগ্রী অর্থনৈতিক উন্নতিতে সরাসরি ভূমিকা রাখে। iii) জ্বালানি হিসেবে—একটি দেশের উন্নতি অনেকাংশে নির্ভর করে পরিবহন-ব্যবস্থার ওপর। আর এ পরিবহন-ব্যবস্থাকে সচল রাখতে খনিজ তেল ও কয়লা ব্যবহার করা হয়। iv) অলংকার প্রস্তুতে—অলংকার তৈরির উপকরণ হিসেবে সোনা, রুপা, হীরা, প্লাটিনাম ব্যবহূত হয় যা অর্থনৈতিক উন্নতির সহায়ক হিসেবে কাজ করে। v) কর্মের সংস্থান হিসেবে—বিভিন্ন খনিজ দ্রব্য উত্তোলন, সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য প্রয়োজন হয় মানুষের সাহায্য। ফলে কর্মের সংস্থান করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। প্রকৃতপক্ষে পৃথিবীর সমৃদ্ধিশালী দেশগুলোর অর্থনৈতিক উন্নতির মূলে রয়েছে খনিজ সম্পদের প্রচুরতা। তাই বলা যায়, একটি দেশের অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের দান অপরিসীম।