মেধা-মুখরিত গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৪টি অঞ্চলে এবারের গণিত উৎসব ও অলিম্পিয়াড হয়ে গেল। আগামী মাসে হবে জাতীয় অনুষ্ঠান। এবারের সবচেয়ে বড় অর্জন হলো গণিতে মেধাবীদের সরব সমাগম। এটা বোঝা গেছে প্রতিটি অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে গণিত ও বিজ্ঞানের বেশ জটিল ও তাৎপর্যপূর্ণ প্রশ্নগুলো থেকে। ভালোভাবে জানা-বোঝার আগ্রহ থেকেই মনে প্রশ্ন জাগে। সেসব প্রশ্নের উত্তর জানলে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যায়। এই পর্বে যখন মঞ্চ থেকে প্রশ্নের জন্য আহ্বান জানানো হয়, সঙ্গে সঙ্গে অন্তত কয়েক ডজন হাত ওঠে। তা ছাড়া প্রশ্ন লিখে পাঠানো হয়। গণিত ও বিজ্ঞানের মতো কঠিন বিষয়ে তরুণদের এই জানার আগ্রহ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই তরুণেরাই আমাদের দেশে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলছে।
গণিতের এই বার্তা আজ গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। গণিতচর্চা তরুণদের জন্য মর্যাদার স্মারক হয়ে উঠছে। জেলা-উপজেলার কোনো গণিত শিক্ষক বা প্রশাসনের কোনো গণিতভক্ত কর্মকর্তা উদ্যোগী হয়ে গড়ে তুলছেন গণিত ক্লাব, আয়োজন করছেন গণিত উৎসবের। আমরা তাঁদের সবার কাছে কৃতজ্ঞ। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ও অলিম্পিয়াড মেধাচর্চার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!