মেধাবী প্রজন্মের সফলতা কামনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ, এমপি
নুরুল ইসলাম নাহিদ, এমপি

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেএসসি) পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক বেশি মেধাবী। তাদের মেধার বিকাশ ও বিশ্বমানের উন্নত শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিদক্ষতা এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে পরিপূর্ণ মানুষ তৈরি করাই লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার শিক্ষাকে ঢেলে সাজিয়েছে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে ১৭ বছরের পুরোনো শিক্ষাক্রমকে যুগোপযোগী করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকেই জীবন ও কর্মমুখী শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় চালু করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে বই দেওয়া, বছরের প্রথম দিন থেকে ক্লাস শুরু করা, নির্দিষ্ট দিনে পরীক্ষা শুরু করা ও ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষায় সর্বক্ষেত্রে এখন শৃঙ্খলা ফিরে এসেছে।
নতুন প্রজন্মকে মেধাবী ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়তে ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ২০১০ সাল থেকে জেএসসি/জেডিসি পরীক্ষা চালু করেছি। শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার সমতা অর্জন ও শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কমানোই আমাদের লক্ষ্য। পূর্বে ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষা দিতে হতো। বাছাই করে শুধু মেধাবীকে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত করা হতো। শিক্ষকেরা স্কুলের সুনাম ও কতিপয় শিক্ষার্থীর পেছনে সবটুকু চেষ্টা উজাড় করে দিতেন। এতে শিক্ষার্থীদের বড় একটি অংশ বৈষম্য ও অবহেলার শিকার হতো। আমরা সব শিক্ষার্থীর মানবৃদ্ধির উদ্যোগ নিয়েছি। সবাই সমান সুযোগ পাচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা গড়ে উঠেছে। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছে, উত্সাহিত হচ্ছে, আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠছে। জীবনের শুরুতেই জাতীয় পর্যায়ের দু-দুটো সার্টিফিকেট পেয়ে শিক্ষার্থীরা এখন গর্বিত বোধ করছে। আমরা পরীক্ষার সংখ্যা বাড়াইনি, বরং কমিয়েছি। আগের দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নিচ্ছি। ঝরে পড়ার হার এখন অনেক কমেছে। গত পাঁচ বছরে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
পরীক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ হলো, মন দিয়ে পড়াশোনা করবে। প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দেবে। পরীক্ষার সব প্রশ্নই তোমার পড়া বিষয়ের মধ্যে থেকেই আসবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা প্রতি মনোযোগ দেবেন। তোমরা সবাই খুব মেধাবী। সব বাধার পথ পেরিয়ে তোমরা সামনে এগিয়ে চলো। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। আমি সবার সফলতা কামনা করছি।
নুরুল ইসলাম নাহিদ: মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার