দিনাজপুরের হাকিমপুর
মেমোরি কার্ডে ব্যতিক্রমী পাঠদান
করোনাকালেও থেমে নেই উপজেলার ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান।
পাড়াগাঁয়ের প্রাথমিক বিদ্যালয়। সেখানেও আছে ইন্টারনেট সংযোগ। আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। ক্লাসরুমে বানানো হয়েছে স্টুডিও। সেই স্টুডিওতে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন দেয়ালচিত্র। শিক্ষকদের পাঠদানের অডিও–ভিডিও রেকর্ড হয় সেই স্টুডিওতে। রেকর্ড করা সেই অডিও–ভিডিও মেমোরি কার্ডে নেওয়া হয়। শিক্ষকেরা সেই মেমোরি কার্ড নিয়ে ছুটে যান শিক্ষার্থীদের বাড়ি বাড়ি। মুঠোফোনে সেই কার্ড ঢুকিয়ে পাঠ নেয় শিক্ষার্থীরা।
এই চিত্র দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। করোনাকালে এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে ক্লাসের সুযোগ পাচ্ছে শহরাঞ্চলের মুষ্টিমেয় শিক্ষার্থী। গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের এই সুবিধা সে অর্থে নেই। দরিদ্র পরিবারের অনেক শিশু ঝরে পড়ছে। অনেকে যুক্ত হচ্ছে শ্রমঘন কাজে। এ ক্ষেত্রে ব্যতিক্রম দিনাজপুরের হাকিমপুর। এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান থেমে নেই। অনলাইনে না হলেও মেমোরি কার্ডের মাধ্যমে দিব্যি পড়াশোনা চালিয়ে যাচ্ছে শিশুরা।
করোনাকালে বিকল্প উপায়ে পাঠদানের এই কৌশলের উদ্যোক্তা হাকিমপুরেরই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান। তাঁর এই কৌশলী পাঠদান পদ্ধতিতে শিক্ষার্থীরা বইমুখী আছে। অভিভাবকেরাও নিশ্চিন্ত অনেকটা। মাসুদুল হাসানের দাবি, এর মাধ্যমে উপজেলার ৯৫-৯৭ শতাংশ শিক্ষার্থী উপকৃত হচ্ছে। তাঁর শ্রম বৃথা যায়নি। সম্প্রতি এই কাজের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইনোভেশন শোকেসিংয়ে ‘দেশসেরা উদ্ভাবক-২০২১’–এর মর্যাদা দিয়েছে তাঁকে।
এ কার্যক্রমে একজন শিক্ষক ফোনে সপ্তাহে দুই–তিন দিন নির্ধারিতসংখ্যক শিক্ষার্থীর পড়াশোনার খবর নেন। শিক্ষার্থীদের বাড়ি গিয়ে বাড়ির পড়া (হোমওয়ার্ক) দেন। পরের সপ্তাহে সেগুলো আদায় করেন। পরে পাঠোন্নতি স্টুডেন্ট প্রোফাইল রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখেন।
বিকল্প উপায়ে পাঠদান পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে মাসুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকেরা যেভাবে পাঠোন্নতির রেকর্ড সংরক্ষণ করছেন, তাতে শিক্ষার্থীদের পরের ক্লাসে উঠিয়ে দেওয়া সহজ হবে। ভবিষ্যৎতে আর কোনো শিক্ষার্থীকে অটো পাস দিতে হবে না।
উপজেলার জালালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার পারভীন বলেন, ‘করোনাকালেও আমরা সপ্তাহে তিন দিন স্কুলে আসি। অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা অনুযায়ী, কনটেন্টের আলোকে শিশুদের জন্য আকর্ষণীয় ও উপযোগী করে প্রতিটি বিষয়ে পাঠদানের ভিডিও–অডিও ধারণ করে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। এ ছাড়া শিশুর মনোদৈহিক সুরক্ষায় একই সঙ্গে করোনাকালীন শিশুর যত্ন, করণীয় ও বর্জনীয় সম্পর্কে শিক্ষকদের মাধ্যমে মোটিভেশনাল ভিডিও তৈরি করে অভিভাবকদের কাছে পৌঁছানো হয়।’
বাংলা হিলি-১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুবিনের বাবা নাসিম আহম্মেদ বলেন, ‘স্কুল বন্ধ থাকায় বাচ্চারা পড়তে বসত না। স্কুলের আপারা বাড়িতে এসে পড়া বুঝিয়ে দেন। আবার পরের সপ্তাহে এসে পড়া নেন। মেমোরি কার্ড দিয়েছেন। যদিও আমার কম দামের মোবাইল। কিন্তু সেখানেও মেমোরি কার্ডে দেওয়া ভিডিওগুলো দেখা যায়। সেগুলো পেয়ে বাচ্চারা কিছুটা হলেও বইমুখী হয়েছে।’
প্রাথমিক শিক্ষা রংপুরের বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাকিমপুরের শিক্ষা কর্মকর্তা অডিও–ভিডিও ধারণ করে পাঠদানের যে ব্যবস্থা করেছেন, তাতে যাদের স্মার্টফোন নেই তারাও এই সুবিধার আওতায় এসেছে। ইতিমধ্যে হাকিমপুর উপজেলাকে মডেল ধরে প্রতিটি উপজেলায় তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।