মেয়েদের মধ্যে সেরা খাস্তগীর উচ্চবিদ্যালয়
চট্টগ্রাম বোর্ডে মেয়েদের স্কুলগুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ৩৩৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮০ জন।
ফলাফল সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রত্যেক শিক্ষকই পড়াশোনার ব্যাপারে বেশ যত্নবান। অভিভাবকেরাও অনেক বেশি সচেতন। সবার আন্তরিক প্রচেষ্টাই আমাদের ভালো ফল পেতে সহযোগিতা করেছে।’
ওই বিদ্যালয়ের ছাত্রী নুশেরা তাজরিন তুরিন এ বছর বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে। মা-বাবা ও শিক্ষকদের সহযোগিতার পাশাপাশি নিজেকে ভালো ফলের জন্য প্রস্তুত করেছে সে।
ফল আশানুরূপ হয়েছে দাবি করে তুরিন বলে, ‘আমি জেএসসিতে ‘এ’ প্লাস পাইনি। তাই এসএসসিতে ‘এ’ প্লাস পাওয়ার মতো করে প্রস্তুতি নিয়েছি।’
পড়াশোনার ক্ষেত্রে তেমন ধরাবাঁধা নিয়ম মেনে চলেনি তুরিন। তবে যতক্ষণ পড়ত, মনোযোগ দিয়েই পড়ত। তার মতে, ভালো ফলের জন্য সৃজনশীলতার বিকল্প নেই। শুধু মুখস্থবিদ্যা দিয়ে বেশি দূর এগোনো যায় না। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে সে।
এ বছর চট্টগ্রাম বোর্ডের সেরা ১০টি বিদ্যালয়ের তালিকায় শুধু মেয়েদের স্কুলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের ৪০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯০ জন জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় হালিশহর সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১ জন পেয়েছে জিপিএ-৫।