যথাযথ লেখো, প্রয়োজনে চিত্র দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। পদার্থবিজ্ঞান এইচএসসির অনেক শিক্ষার্থীর কাছেই কঠিন ও জটিল বলে মনে হতে পারে। কিন্তু ভালোভাবে ধারণা পরিষ্কার করে পড়লে বিষয়টি সহজ বলেই মনে হবে। পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় উভয় পত্রেই বড় প্রশ্ন ও ছোট প্রশ্ন—এভাবে দুভাগে বিভক্ত থাকে। যদিও ছোট প্রশ্নের ভাগে বড় প্রশ্নের মতোই উত্তর দিতে হতে পারে। বড় প্রশ্ন ও ছোট প্রশ্নের উত্তরে চিত্রের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তাত্ত্বিক ব্যাখ্যা, প্রমাণ, প্রতিপাদন বিভিন্ন প্রশ্নের উত্তরে সঠিক ও নির্ভুলভাবে চিত্র আঁকতে হবে এবং লেবেলসহ চিত্রের নাম লিখতে হবে। চিত্রের সঙ্গে বর্ণনার সংগতি থাকতে হবে। বিশেষ করে অলোকবিজ্ঞানে রশ্মিচিত্র সুন্দর ও রশ্মির দিক যথানিয়মে আঁকতে হবে। মনে রাখবে, চিত্র ভুল হলে বা না দিলে কোনো কোনো ক্ষেত্রে আংশিক নম্বর কাটা যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো নম্বরই পাবে না। সংজ্ঞার উত্তরে সংজ্ঞাটি একেবারেই সঠিক হতে হবে এবং এর যদি কোনো গাণিতিক ব্যাখ্যা থাকে তা অবশ্যই এককসহ দিতে হবে। ভেক্টর ও আলোর ক্ষেত্রে সংজ্ঞায় অবশ্যই চিত্র দিতে হবে। কিছু কিছু পরীক্ষামূলক প্রমাণ যেমন শীতলীকরণ পদ্ধতিতে আপেক্ষিক তাপ নির্ণয়, ওহমের সূত্রের সত্যতা প্রমাণ ইত্যাদি উত্তরে তত্ত্ব, যন্ত্রের বর্ণনা বা বর্তনী-সংযোগ (যদি থাকে), পরীক্ষণ পদ্ধতি, হিসাব (যদি লেখচিত্র থাকে তার ব্যাখ্যাসহ) ও সতর্কতা—এভাবে লিখলে ভালো নম্বর পাবে। গাণিতিক সমস্যার উত্তরে দেওয়া আছে (এককসহ), মূলসূত্রসহ লিখে উত্তর লিখতে হবে। মনে রাখবে, সমস্যাটির উত্তর সঠিক না এলেও অন্য বিষয়গুলো ঠিক থাকলে আংশিক নম্বর পেতে পারো। খেয়াল করবে, উত্তরে একক যেন ভুল না হয়।