যশোর বোর্ডে ফল বিপর্যয়ের কারণ ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় দিক দিয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অবস্থান সবার নিচে। ইংরেজি বিষয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এ বোর্ডে ফলে এমন বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন শিক্ষক ও ওই বোর্ডের কর্মকর্তারা।
এবার এই বোর্ডে শুধু ইংরেজি বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৪৯ শতাংশ শিক্ষার্থী। যে কারণে বোর্ডের মোট পাসের হার দাঁড়ায় ৪৬ দশমিক ৪৫ শতাংশে। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯২৭ জন—যা দেশের যেকোনো শিক্ষা বোর্ডের তুলনায় কম। যশোর বোর্ডে গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ৫৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ২৩১ জন শিক্ষার্থী। তার আগের বছর অর্থাৎ ২০১৩ সালে পাসের হার ছিল ৬৭ দশমিক ৪৯ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৭৭০ জন। তিন বছর ধরেই যশোর বোর্ডের ফলাফলের ক্রমাবনতি হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, এবার ইংরেজি পরীক্ষার সময়েই শিক্ষক ও শিক্ষার্থীরা বলেছিলেন, প্রশ্ন কঠিন হয়েছে। এখন ফলাফলেও দেখা যাচ্ছে এ বিষয়েই শিক্ষার্থীরা বেশি খারাপ করেছে। মূলত এ কারণেই এ বোর্ডের ফল খারাপ হয়েছে।
যশোর সদর উপজেলার ড. রওশন আলী ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক অমল কৃষ্ণ বিশ্বাস জানান, এবার ইংরেজি প্রথম পত্রে অনেক প্রশ্ন শিক্ষার্থীদের প্রত্যাশার বাইরে হয়েছে। যে কারণে তাঁরা ঠিকমতো উত্তর করতে পারেননি। তা ছাড়া প্রশ্নপত্র প্রণয়ন ও সমীক্ষণের জন্য যে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়, তাঁদের অধিকাংশই পাঠদানের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন না। যে কারণে তাঁরা শিক্ষার্থীদের লেখাপড়ার ধাঁচ ঠিকঠাক বুঝতে পারেন না। এ কারণে ফল বিপর্যয়ের ঘটনা ঘটছে।
যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এ বছর ৭৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে পাস করেছেন ৬৯৯ জন। পাসের হার ৯২ দশমিক ৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১১৪ জন। যেখানে গত বছর ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ২৪২ জন। পাসের হার ছিল ৯৬ দশমিক ৫ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর ফল খারাপ কেন জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ কাজী ইকবালুর রশিদ প্রথম আলোকে বলেন, ইংরেজির প্রশ্নপত্র একটু জটিল ছিল। তা ছাড়া প্রশ্নপত্র ফাঁসের একটা গুজবও ছিল। এ দুটি কারণে বিপর্যয় ঘটে থাকতে পারে।
যশোরের শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ থেকে এ বছর ৭২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩১০ জন সব বিষয়ে পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র সাতজন। এই কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনও ফল খারাপের জন্য ইংরেজি প্রশ্নপত্র জটিল হওয়াকে দুষেছেন।
ফল খারাপ হওয়ার বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র প্রথম আলোকে বলেন, ‘ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা খারাপ করার কারণে এ শিক্ষা বোর্ডের ফল বিপর্যয় ঘটেছে।’
তিন বছর ধরে বোর্ডের ফল খারাপ হচ্ছে কেন—জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিন কলেজের তিনজন শিক্ষক অভিযোগ করেন, শিক্ষা বোর্ডের পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে তেমন নজরদারি করেন না। আগে বোর্ডের কর্মকর্তারা হঠাৎ করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে হাজির হয়ে পাঠদানসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিতেন। এখন তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে তেমন যান-ই না। গেলেও আগে থেকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়। যে কারণে তাঁরা ওই প্রতিষ্ঠানের শিক্ষার প্রকৃত চিত্র বুঝতে পারেন না।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, এ বিপর্যয় থেকে উত্তরণের জন্য শিগগিরই কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি সমাবেশ করা হবে। তা ছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানে নজরদারিও বাড়ানো হবে।