যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জি./সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। সাতটি অনুষদের ৭৯৫টি আসনের বিপরীতে ৬টি ইউনিটে ৩৮ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন। গড় হিসাবে প্রতি আসনের বিপরীতে ৪৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতি ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ‘বি’ এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘ই’, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ডি’ এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন ক্যালকুলেটর (শুধু ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্যালকুলেটর আনা যাবে), মোবাইল, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্যকারীকে হল থেকে বহিষ্কার করা হবে। ভর্তি পরীক্ষার সময় কেউ যেন বিশৃঙ্খলা কিংবা অসাদুপায় অবলম্বন করতে না পারে এ জন্য তিনটি ভ্রাম্যমাণ আদালতের টহল থাকবে। সব কেন্দ্রে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।