যশোর বোর্ডে ১৩ কলেজের কেউ পাস করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শিক্ষা বোর্ডের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় কেউ পাস করতে পারেনি। তবে তিনটি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
শতভাগ পাসের তালিকার শীর্ষে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। কুষ্টিয়ার শেখ ফজিলাতুননেসা মুজিব মহিলা কলেজ ও খুলনার বরুনাবাজার পিডিসি কলেজিয়েট স্কুল থেকে একজন করে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
যে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি তার মধ্যে যশোরের রঘুনাথনগর কলেজিয়েট স্কুল থেকে একজন, বাগেরহাটের ড. খলিলুর রহমান কলেজ থেকে ছয়জন ও পি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩ জন, খুলনার গাজী আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন, মুক্তিযোদ্ধা কলেজ ও আই আই কলেজ থেকে তিনজন করে, মাগুরার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ থেকে ১৫ জন, পাল্লা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২ জন ও শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে নয়জন, নড়াইলের মুলিয়া পাবলিক কলেজ থেকে পাঁচজন, কুষ্টিয়ার আলহাজ এ গনি কলেজ থেকে ৩৮ জন ও ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ থেকে চারজন ও ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়েছিল।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরপর দুবার শতভাগ ফেলের তালিকায় রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।