যশোর বোর্ডের দারুণ চমক
এবারের এইচএসসি পরীক্ষায় দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৪২ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এইচএসসিতে পাসের হারে আট শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবার চেয়ে এগিয়ে যশোর বোর্ড। গতবার এই বোর্ডের ফল সবচেয়ে খারাপ ছিল। মোট পাসের ওপর এর প্রভাব পড়েছিল।
এবার সবচেয়ে কম পাসের হার কুমিল্লা বোর্ডে। এই বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ৭৫ দশমিক ৪০ শতাংশ, ঢাকা বোর্ডে ৭৩ দশমিক ৫৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৬৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ১৩ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮ দশমিক ৫৯ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৬৪ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
গত ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় জুনে। এই পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।