প্রিয় পরীক্ষার্থী, এখন যেটুকু সময় হাতে আছে, তা রিভিশন করে ও লিখে কাজে লাগাতে হবে। যা পড়বে, তা অবশ্যই বুঝে পড়বে। লেখার ক্ষেত্রেও মূল বিষয়ের ওপর চমত্কারিত্ব বজায় রাখবে। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে ব্যবহারিক অংশের একটা বিশেষ ভূমিকা থাকে। কিন্তু শিক্ষার্থীরা ব্যবহারিককে অতটা গুরুত্ব দিতে চায় না। কারণ, তারা মনে করে, ব্যবহারিকের নম্বর এমনিতেই চলে আসবে। এটা একদম ভুল ধারণা। এ রকম মনোভাব নিয়ে থাকলে তাত্ত্বিক বিষয়গুলোতে অনেক ভালো করেও ফল প্রত্যাশামতো হয় না।
সুতরাং ব্যবহারিকে বুঝেশুনে প্রাসঙ্গিক প্রস্তুতি গ্রহণ করা দরকার।
পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ভূগোল, কম্পিউটার বিজ্ঞান—প্রতিটি বিষয়ে ব্যবহারিকের জন্য একটি করে খাতা তৈরি করতে হয়। ব্যবহারিকের খাতাটি তুমি নিজের হাতে অভিজ্ঞতা দিয়ে তৈরি করবে। অর্থাত্ খাতাটি যখন পরীক্ষকের হাতে যাবে, তখন এতে যেন তোমার স্বকীয়তা দেখতে পান। অন্যকে দিয়ে খাতা তৈরি করালে বা অবহেলার আশ্রয় নিলে তা সহজেই ধরা যায়। একটু কম ভালো হলেও খাতাটিতে নিজস্বতা রাখতে হবে। ব্যবহারিক খাতার উপস্থাপনা, বর্ণনা, লেখার ভাষা—সবকিছুতে একটি সাধারণ ধারা বজায় রাখবে।
অহেতুক কিছু এঁকে বা লিখে কিছুতেই দৃষ্টিকটু করা যাবে না। প্রতিটি চিত্রের অংশ প্রয়োজনমতো চিহ্নিত ও বিবরণসহ উল্লেখ করবে। অর্থাত্ সাদামাটা হলেও ব্যবহারিক খাতাটি বিষয়ের ওপর শুদ্ধ ও প্রাণবন্ত হওয়া চাই।
অবশ্যই যথাসময়ে খাতায় সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের স্বাক্ষর নিতে ভুল করবে না।
পরীক্ষা বোর্ডে শিক্ষকদের করা প্রতিটি প্রশ্ন বুঝবে এবং সঠিকভাবে মূল কথাটুকু স্পষ্ট ভাষায় বলবে। কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে, তবে এলোমেলো উত্তর বা অহেতুক কথা বলবে না। ব্যবহারিক পরীক্ষার বোর্ডে বিষয়ভিত্তিক ব্যবহারিক খাতাকে ভিত্তি করে শিক্ষকেরা প্রশ্ন করবেন। এ জন্য সংশ্লিষ্ট ব্যবহারিক খাতাটিতে যা লিখবে, সে সম্পর্কে অবশ্যই স্বচ্ছ ধারণা রাখবে।
কর্নেল নুরন্ নবী (অব.)
সাবেক অধ্যক্ষ
রাজউক উত্তরা মডেল কলেজ
ও মাইলস্টোন কলেজ, ঢাকা