গুরুত্বপূর্ণ সংজ্ঞা অংশ-৮প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হলো। জারণ ও বিজারণের ইলেকট্রনীয় ধারণা: যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা (অণু, পরমাণু, মূলক বা আয়ন) ইলেকট্রন প্রদান করে, তাকে জারণ এবং যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে, তাকে বিজারণ বলা হয়। জারণ-বিজারণ (Redox) বিক্রিয়া: যে বিক্রিয়ায় বিক্রিয়কে উপস্থিত কোনো মৌলের সক্রিয় যোজনীর হ্রাস-বৃদ্ধি ঘটে, তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলা হয়। 2FeCl2+Cl2=2FeCl3 পলিমারকরণ: যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলো অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় অণু সৃষ্টি করে, তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। যেমন ইথিলিনের বহুসংখ্যক অণু একত্র হয়ে পলিইথিলিন তৈরি করে। ইথিলিন একটি গ্যাস। পলিইথিলিন হচ্ছে প্লাস্টিক। এর বিক্রিয়াটি নিম্নরূপ: nCH2=CH2 (-CH2-CH2-)n রাসায়নিক ক্রিয়া সংঘটনের বিভিন্ন উপায়: রাসায়নিক ক্রিয়া সংঘটনের যেসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হচ্ছে সংস্পর্শ, দ্রবণ, তাপমাত্রা, আলোক, চাপ, আঘাত, শব্দ, বিদ্যুৎ প্রবাহ। রাসায়নিক গতিবিদ্যা: রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার বেগ-সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়, তাকে রাসায়নিক গতিবিদ্যা বলা হয়। বিক্রিয়ার হার: একক সময়ে একটি বিক্রিয়ার উৎপন্ন উৎপাদের পরিমাণ বা ব্যবহূত বিক্রিয়কের পরিমাণকে বিক্রিয়ার হার বলে। প্রভাবক ও প্রভাবন: যে বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের সংস্পর্শে থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়ার শেষে ভরে এবং রাসায়নিক সংযুক্তিতে অপরিবর্তিত থাকে, তাকে ওই বিক্রিয়ার প্রভাবক বলা হয় এবং এ প্রক্রিয়াকে প্রভাবন বলা হয়। লা শাতেলিয়ে নীতি: ‘কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।’ বিদ্যুৎ পরিবাহী: যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদের বিদ্যুৎ পরিবাহী বলা হয়। বিদ্যুৎ পরিবাহী দুই প্রকারের—ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী: যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কোনো রকম রাসায়নিক পরিবর্তন হয় না তাদের ধাতব পরিবাহী বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য: যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তড়িৎ অবিশ্লেষ্য: যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত বিদ্যুৎ পরিবহন করে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য বলা হয়। তড়িৎ বিশ্লেষণ: বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সে যৌগের বিযোজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল