যেখানে সবার চেয়ে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্তরের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা করে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। সাড়ে চার দশকে এই ইনস্টিটিউট জন্ম দিয়েছে অনেক বিশেষজ্ঞের। ইনস্টিটিউটের প্রফেসর ড. এম. কামালউদ্দিন নার্সারি ও গবেষণাকেন্দ্রের সামনে দলগত আলোচনায় ব্যস্ত একদল শিক্ষার্থী। ছবিটি গত রোববার বেলা দেড়টায় তোলা l ধর্মরাজ
সত্তরের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা করে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। সাড়ে চার দশকে এই ইনস্টিটিউট জন্ম দিয়েছে অনেক বিশেষজ্ঞের। ইনস্টিটিউটের প্রফেসর ড. এম. কামালউদ্দিন নার্সারি ও গবেষণাকেন্দ্রের সামনে দলগত আলোচনায় ব্যস্ত একদল শিক্ষার্থী। ছবিটি গত রোববার বেলা দেড়টায় তোলা l ধর্মরাজ

পাহাড়বেষ্টিত নয়নাভিরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এগিয়ে নয়, বরং জ্ঞানচর্চার কয়েকটি বিশেষ ক্ষেত্রেও দেশের অন্য বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আছে এই শিক্ষায়তন। জ্ঞানের কয়েকটি বিশেষায়িত শাখার চর্চা শুরু হয় এখান থেকেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই প্রথম যাত্রা করে সমুদ্রবিজ্ঞান ও মৎস্যবিদ্যা (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) আর বন ও পরিবেশবিদ্যা (ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) নামের দুটি ইনস্টিটিউট। সত্তরের দশকে প্রতিষ্ঠিত এই দুটি ইনস্টিটিউট গত সাড়ে চার দশকে দেশের বন, পরিবেশ ও সমুদ্র বিষয়ে প্রচুর বিশেষজ্ঞের জন্ম দিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগে এশিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বন ও পরিবেশবিদ্যা পড়ানো হতো না। ফলে প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে প্রচুর বিদেশি ছাত্রছাত্রী এখানে পড়তে আসে। এই ইনস্টিটিউটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহির্বিশ্বে পরিচিতি পায় বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মো. দানেশ মিয়া। বন ও পরিবেশবিদ্যার মতোই সমুদ্রবিজ্ঞান ও মৎস্যবিদ্যা ইনস্টিটিউট দেশের জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ করেছে। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা বলেন, এই দুটি ইনস্টিটিউট বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। সমুদ্র ও বন–সংক্রান্ত বিশেষজ্ঞ তৈরি হয়েছে। এসব দক্ষ লোকজনের কারণে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি দেশের ‘ব্লু ইকোনমি’ (সমুদ্র অর্থনীতি) ও ‘গ্রিন ইকোনমি’ (বন অর্থনীতি) সমৃদ্ধ হয়েছে। পাশাপাশি এই দুটি বিষয়ে প্রচুর গবেষণাও হয়েছে।

বন ও পরিবেশবিদ্যা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৭৬ সালে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি নামে যাত্রা করে এ প্রতিষ্ঠান। এ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সহায়তা করে কৃষি ও বন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বন বিভাগ। শুরুতে বন বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণ নিতেন এই ইনস্টিটিউট থেকে। এরপর ১৯৭৮-৭৯ শিক্ষাবর্ষে এটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে পরিণত হয়। সে বছরই চালু হয় স্নাতক কোর্স। তার ধারাবাহিকতায় ১৯৯৬ সালে স্নাতকোত্তর কোর্স চালু হয়। সে বছরই ইনস্টিটিউটের নাম বদলে রাখা হয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। ২০০০ সালে এখানে পরিবেশবিদ্যাও (এনভায়রনমেন্টাল সায়েন্স) চালু হয়।

প্রতিষ্ঠার ৪১ বছরে এই ইনস্টিটিউটের অর্জন কম নয়। বর্তমানে এ ইনস্টিটিউটের পরিচালক মো. দানেশ মিয়া এখানকারই প্রাক্তন ছাত্র। এখান থকে পাস করা শিক্ষার্থীরা ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে গবেষণায় নিয়োজিত আছেন। দেশের বন বিভাগের বিভিন্ন পদেও কর্মরত আছেন এই ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা।

ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন ছিলেন এখানকার ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশ বন বিভাগের পরিচালনা পর্ষদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে কর্মরত আছেন। আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে গবেষণায় নিয়োজিত আছেন। অনেকে তঁাদের গবেষণা, জ্ঞান ও কাজ দ্বারা বিশ্বের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরিচিত করিয়েছেন।’

সমুদ্রবিজ্ঞান ও মৎস্যবিদ্যা ইনস্টিটিউট: কানাডা সরকারের কারিগরি সহায়তায় ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন বায়োলজি অ্যান্ড ওশানোগ্রাফি বিভাগ চালু হয়। ১৯৮৩ সালে এটি ইনস্টিটিউটে রূপান্তরিত হয়। তখন নাম পরিবর্তন করে রাখা হয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস। বর্তমানে এটি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ। এই ইনস্টিটিউটে মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি ও ফিশারিজে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ রয়েছে।

এ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৭৩৮টি গবেষণা করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সমুদ্র থেকে সুপেয় পানি সংগ্রহের কৌশল আবিষ্কার করেন এখানকার অধ্যাপক শেখ আফতাব উদ্দিন। বাংলাদেশের সমুদ্রসীমা বিজয়ের পর নতুন সমুদ্রসীমানার মানচিত্র প্রণয়ন করেন এই ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। ইনস্টিটিউটের আরও একটি আকর্ষণ সমুদ্রসম্পদ জাদুঘর। এ জাদুঘরে ৫৫০টির মতো সামুদ্রিক প্রাণী সংরক্ষণ করা হয়েছে।

ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের ইনস্টিটিউট দেশে প্রথম সমুদ্র নিয়ে গবেষণা শুরু করে। নানামুখী গবেষণা নিয়ে আমাদের ইনস্টিটিউট এগিয়ে চলছে। আমি নিজেও বর্তমানে উপকূলের ভাঙনের ওপর গবেষণা করছি।’

ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের ইনস্টিটিউট থেকে তিনটি বিষয়ে ডিগ্রি দেওয়া হয়। সমুদ্রবিজ্ঞান ও মৎস্যবিদ্যা নিয়ে আমাদের রয়েছে সফল গবেষণা। সম্প্রতি প্রধানমন্ত্রী আমাদের গবেষণার সাফল্যে খুশি হয়ে অবকাঠামোগত উন্নয়নে ৭২ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন করেছেন। আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে।’ জাহেদুর রহমান আরও বলেন, ‘আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে নানা উচ্চপদে কর্মরত আছেন।’