যেসব অধ্যায়ে অঙ্ক রয়েছে, সেগুলো অনুশীলন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, কম্পিউটার শিক্ষা বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। এখন নিয়মিত অনুশীলন করে যাচ্ছ। যেসব অধ্যায়ে অঙ্ক রয়েছে, সেগুলো অনুশীলন করবে। নিজে নিজে প্রশ্ন তৈরি করে পরীক্ষা দেওয়ার অভ্যাস করবে। নিজেকে যাচাই করবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে পারো কি না। কম্পিউটার শিক্ষা বিষয়টি তোমরা অনেকেই চতুর্থ বিষয় হিসেবে নেওয়াতে কম গুরুত্ব দিয়ে পড়বে। উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা বিষয়ে তত্ত্বীয় অংশে ৬০ ও ব্যবহারিক অংশে ৪০ নম্বর থাকে। এতে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা ছাড়া কম্পিউটার শিক্ষা বিষয়টি বিজ্ঞানভিত্তিক বলে সঠিক উত্তরের ক্ষেত্রে পূর্ণ নম্বর পাওয়া যায়। কম্পিউটার শিক্ষা প্রথম পত্রে নয়টি অধ্যায়, যার প্রতিটি অধ্যায় পড়তে হবে। কোনো অধ্যায় বাদ দেওয়ার উপায় নেই। সংখ্যা পদ্ধতি, ডিজিটাল লজিক, ফ্লোচার্ট-অ্যালগরিদম, প্রোগ্রামিং ইত্যাদি প্রশ্নের উত্তর করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়। প্রোগ্রামে অপ্রয়োজনীয় নির্দেশ ব্যবহার না করাই ভালো। তা ছাড়া সিপিইউ ও মেমোরি, কম্পিউটার আর্কিটেকচার, ইনপুট ও আউটপুট ডিভাইস অধ্যায়ের প্রশ্নেও বেশি নম্বর আসে। কম্পিউটার দ্বিতীয় পত্রে ১০টি অধ্যায়, যার প্রতিটি অধ্যায় ভালোভাবে আয়ত্তে আনতে হবে। ডেটা প্রসেসিং ও সিস্টেম অ্যানালাইসিস, ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম, ফাইল ও ফাইল প্রসেসিং, ডেটাবেস, কম্পিউটার নেটওয়ার্কিং ইত্যাদি সব অধ্যায় থেকে সঠিক উত্তরের ক্ষেত্রে পূর্ণ নম্বর পাওয়া যায়।প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ক্রমিক নম্বর ও ধারাবাহিকতা রক্ষা করা ভালো। প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে যেসব প্রশ্নের উত্তর সহজ ও ভালোমতো আয়ত্তে আছে, সেসব আগে দিতে পারো। কম্পিউটার শিক্ষা বিষয়ের ক্ষেত্রে যেসব প্রশ্নে চিত্র আছে, সেগুলোতে সঠিক স্থানে স্পষ্ট করে পেনসিল দিয়ে চিত্র অঙ্কন করবে এবং চিত্রের নাম নিচে উল্লেখ করবে। পার্থক্যের বিষয়ে প্রতি নম্বরের জন্য একটি করে পার্থক্য দেওয়াই যথেষ্ট। তবে অন্য প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অংশ না দেওয়াই ভালো। ছোট প্রশ্নগুলো অল্প কথায় ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। কারণ, মনে রাখতে হবে কম্পিউটার শিক্ষা বিষয়ে পরীক্ষার প্রতি নম্বরের জন্য সর্বোচ্চ ৩ মিনিট সময় পাবে। বিষয়বস্তু উপস্থাপনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় যেন উল্লেখ না করা হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। উত্তরপত্রে অবশ্যই মার্জিন দিয়ে স্পষ্ট করে লিখবে এবং কাটাকাটি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।