যেসব নিয়মকানুন পরীক্ষার্থীদের মনে রাখতে হবে
পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা বস্তু সঙ্গে আনা যাবে না। উত্তরপত্রের কাভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম, বিষয়, কেন্দ্র ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না। উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। না হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। উত্তরপত্রের ভেতরে বা বাইরে অপ্রয়োজনীয়/ আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না। খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া যাবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে। অতিরিক্ত উত্তরপত্রের দরকার হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে, হলের মধ্যে কোনোরূপ হইচই বা চিৎকার করতে পারবে না। প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্রে, টেবিলে, রুলারে, নিজ দেহে বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না। প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে।