যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা 
প্রিয় শিক্ষার্থী, গতকাল প্রদত্ত পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদটির প্রশ্ন ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর দেওয়ার জন্য তোমাকে মনোযোগ দিয়ে অনুচ্ছেদটি পড়তে হবে এবং বুঝতে হবে। শুধু একবার দেখে বা একবার পড়েই এই অনুচ্ছেদের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না।
এবার এসো, প্রশ্নগুলোর আদর্শ নমুনা উত্তর দেখা যাক।
১ নম্বর প্রশ্নের উত্তর:
১। গ. সংগীত ২। খ. গ্রামবাংলার গান ৩। খ. ঞ+জ
৪। খ. লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি
৫। গ. বাউল সংগীত।
২ নম্বর প্রশ্নের উত্তর:
ক। অভিনয়ের মাধ্যমে মনের অভিব্যক্তি ঘটে।
খ। এত ছোট মেয়ের বাকপ্রতিভা দেখে আমি মুগ্ধ।
গ। রুটি ভাতের পরিপূরক হিসেবে খাওয়া যায়।
ঘ। বৈশাখী মেলায় লোকসংগীত-এর আসর বসে।
ঙ। তিন্নি স্বতঃস্ফূর্তভাবে নাচতে রাজি হয়েছে।
৩ নম্বর প্রশ্নের উত্তর:
প্রদত্ত যুক্ত বর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি শব্দ
ক্ত ক্+ত রক্ত
ক্ষ ক্+ষ ক্ষয়
শ্ল শ্+ল অশ্লীল
ল্প ল্+প অল্প
স্ফ স্+ফ স্ফীত
৪ নম্বর প্রশ্নের উত্তর:
ক. লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে, কারণ—
১। সহজ-সরলভাবে গাওয়া হয় বলে যুগ যুগ ধরে গ্রামবাংলার মানুষ লোকসংগীত গেয়ে আসছে।
২। এ গান মানুষের মনের আবেগ-অনুভূতি প্রকাশ করে।
৩। এ সংগীত গ্রামের মানুষ মুখে মুখে গায়।
৪। গ্রামের বিভিন্ন পেশার মানুষ আনন্দ-বেদনায় এই গান গায়।
৫। লোকসংগীতের মাধ্যমে বাংলাদেশের গ্রামের জীবনচিত্র তুলে ধরা যায়।
খ. ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’—এই বাক্যটি দিয়ে বোঝানো হয়েছে—
বাংলাদেশে প্রচুর ধান উত্পাদন হয়। এই ধান থেকে চাল হয় এবং এ চাল সেদ্ধ করলে যে ভাত হয় তা বাংলাদেশিদের প্রধান খাবার। আর গানের মাধ্যমে আমরা মনের আবেগ ও উল্লাস প্রকাশ করে থাকি। বিভিন্ন আচার-অনুষ্ঠানে গানের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করে থাকি। কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষ শ্রমসংগীত গেয়ে থাকে।
গ. আমার জানা পাঁচজন প্রখ্যাত সংগীতশিল্পীর নাম হচ্ছে-
১। আব্বাসউদ্দীন ২। আবদুল আলীম ৩। ফেরদৌসী রহমান ৪। সৈয়দ আবদুল হাদী ৫। সুবীর নন্দী
লক্ষ করো: প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা দেওয়া হয়নি। বাড়তি কোনো কথাও লেখা হয়নি। প্রশ্নানুসারে যথার্থ উত্তর যা হতে পারে তা-ই লেখা হয়েছে। অর্থাত্ প্রশ্নক্রমিক ৪-এর ‘ক’ নং প্রশ্নের ‘লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলার পাঁচটি কারণ ক্রমিক আকারে লেখা হয়েছে। আবার ‘খ’ নম্বর প্রশ্নে ‘ধানের দেশ গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’ বাক্যটি দিয়ে যা বোঝানো হয়েছে তা পাঁচটি বাক্যে পাশাপাশি লেখা হয়েছে। আবার ‘গ’ নং প্রশ্নের উত্তরে শুধু পাঁচজন প্রখ্যাত সংগীতশিল্পীর নাম লেখা হয়েছে।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
প্রিয় তমাল,
গত সপ্তাহে আমাদের বিদ্যালয়ে বার্ষিক সংগীত প্রতিযোগিতা হয়ে গেল। উত্সবের আনন্দে কেটে যাওয়া সেই দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তাই সংগীত প্রতিযোগিতার সেই দিনটির কথা তোমাকে না জানিয়ে স্বস্তি পাচ্ছি না।
সংগীতের অনেক বিভাগের মধ্যে আমি তিনটি বিষয়ে অংশ নিয়েছিলাম। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও দেশের গান। মজার ব্যাপার হলো, তিনটি বিষয়েই আমি প্রথম স্থান অধিকার করেছি। সংগীতবিষয়ক কোনো প্রতিযোগিতায় এটাই আমার প্রথম বিজয় অভিজ্ঞতা। তাই কী যে ভালো লাগছে, তা তোমাকে বলে বোঝাতে পারব না। তুমি ঢাকায় এলে আমার পুরস্কারগুলো দেখাব। কবে আসবে?
তোমাদের বিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতার খবর কী? জানিও। আজ তাহলে এখানে রাখি! চিঠির উত্তর দিয়ো।
ইতি
তোমারই বন্ধু
রোহান
লক্ষ করো: ২০১৩ সালের প্রশ্নপত্রের নমুনা উত্তর নির্দেশিকায় খাম আঁকা ও প্রাপক-প্রেরকের ঠিকানা লেখার জন্য আলাদা কোনো নম্বর বরাদ্দ ছিল না। কাজেই তোমরা ইচ্ছা করলে খাম এবং খামের ওপর প্রাপক-প্রেরকের নাম-ঠিকানা লিখতেও পারো। আমরা মনে করি, খাম এবং খামের ওপর প্রাপক-প্রেরকের নাম-ঠিকানা লেখাই উত্তম।
অথবা,
তারিখ: ২৪-০৬-১৪
বরাবর
প্রধান শিক্ষক
শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিষয়: প্রত্যয়নপত্রের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির একজন ছাত্র/ছাত্রী। ‘নতুন কুড়ি’ সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন।
অতএব, আপনার নিকট আবেদন, আমাকে একটি প্রত্যায়নপত্র প্রদান করে বাধিত করতে সদয় আজ্ঞা হয়।
বিনীত নিবেদক/নিবেদিকা
অপু/দিলরুবা
শ্রেণি-৫ম
শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
লক্ষ করো: পরীক্ষায় যেকোনো একটি চিঠি অথবা আবেদনপত্র আসবে। কিন্তু তোমাকে চিঠি এবং আবেদনপত্র দুটিরই চর্চা করতে হবে। ওপরের নমুনা চিঠিতে ‘ছাত্র/ছাত্রী’ এবং চিঠির শেষে ছাত্র/ছাত্রীর নাম ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থী ছাত্র বা ছাত্রী হলে সে অনুযায়ী লিখতে হবে।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা