যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে ভয় পেয়ো না
প্রিয় পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ বা কবিতাংশ অথবা টেক্সট পড়েই ঘাবড়ানো চলবে না। ধীরস্থিরভাবে মনোযোগ দিয়ে ঘটনা বা কবিতাংশ বা উদ্ধৃতি অথবা টেক্সট পড়ার পর প্রশ্নগুলো পড়লে নিজের থেকেই উত্তরগুলো করতে পারবে। তবে শর্ত হলো, মূল বইয়ের তথ্যগুলো জানা থাকতে হবে।
স্পষ্টাক্ষরে পরিচ্ছন্নভাবে লিখবে। খাতার ওপরে, নিচে, ডানে ও বাঁয়ে পরিমাণমতো ফাঁকা রাখবে। এতে খাতা সুন্দর দেখায়। উত্তর করবে ১০০ ভাগ। দরকারি ছবি আঁকবে পেনসিল দিয়ে। অন্যের সহযোগিতা না নিয়ে নিজে নিজে লেখার চেষ্টা করবে। বানান ভুলের কারণে নম্বর কমে যায়। সঠিক বানানের জন্য বাসার রাফ খাতায় না দেখে কঠিন শব্দগুলো লেখার অভ্যাস করবে। প্রশ্নের নম্বরগুলো ঠিকমতো দেওয়া হয়েছে তো? একবার মিলিয়ে নেবে। সময় পেলে এক বা একাধিকবার রিভিশন দেবে। খাতার কাভারে রোল নম্বর ইত্যাদি ঠিকমতো লিখেছ কি না, তা দেখে নেবে। অতিরিক্ত কাগজ নিয়ে থাকলে সময়মতো সেলাই করে নেবে। পরীক্ষার হলে হইচই করবে না। প্রতিদিন সমাপ্ত হওয়া পরীক্ষা নিয়ে মাথা না ঘামিয়ে পরবর্তী পরীক্ষার দিকে মনোনিবেশ করবে।
প্রধান শিক্ষক
ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা