নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর থাকার কারণে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা অনেকটাই সহজ মনে করে বেশির ভাগ শিক্ষার্থী। কিন্তু এইচএসসি পরীক্ষায় কোনো নৈর্ব্যক্তিক নেই। কিছু বিষয়ে সতর্ক হলে এ পর্যায়েও ভালো ফল করা কঠিন কোনো বিষয় নয়। লিখেছেন মাহফুজুল হকরচনামূলক প্রশ্নোত্তরে খুব বেশি ভালো না করেও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল রিদিতা। এসএসসিতে নৈর্ব্যক্তিক প্রশ্ন ছিল বলেই ভালো ফল করা সম্ভব হয়েছে বলে সে মনে করে। কিন্তু এইচএসসি পরীক্ষায় শুধু রচনামূলক থাকায় কাঙ্ক্ষিত ফল করতে ব্যর্থ হয় সে। এ রকম অনেকেই এসএসসিতে ভালো করেও যথাযথ প্রস্তুতির অভাবে এইচএসসিতে খারাপ করে বসে। ভালোভাবে প্রস্তুতি গ্রহণ ও পরিকল্পনামাফিক পড়াশোনা করলে রচনামূলক অংশেও সহজেই ভালো করা যায়। এসএসসিতে নৈর্ব্যক্তিক থাকার কারণে ভালো ফল করা অনেকটাই সহজ। অনেক শিক্ষার্থী নৈর্ব্যক্তিক অংশে বেশি নম্বর তুলে রচনামূলকে মোটামুটি ভালো করলেই কোনো বিষয়ে জিপিএ-৫ পেয়ে যেতে পারে। কিন্তু এইচএসসিতে সেই সুযোগ নেই। এখানে রচনামূলক অংশে খারাপ করলে যেকোনো বিষয়েই জিপিএ-৫ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এইচএসসি পরীক্ষার জন্য নিজেকে আরও ভালো করে প্রস্তুত করতে হবে।আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আবদুল আজিজ বললেন, ‘এইচএসসি পরীক্ষায় নৈর্ব্যক্তিক নেই। নৈর্ব্যক্তিক ছাড়াও ভালো করা যাবে। এ জন্য সব বিষয়ই ভালোভাবে পড়তে হবে। যে অধ্যায়ের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেসব প্রশ্নের ওপর ভালো ধারণা নিতে হবে। এইচএসসিতে পাঠ্যসূচি বেশি থাকে। আর এ পর্যায়ে প্রতিটি বিষয়ে মাধ্যমিকের চেয়ে আরও গভীর বা বেশি তত্ত্ব ও তথ্য উপস্থাপন করা হয়। তাই এখানে ভালো করতে হলে প্রতিটি বিষয়েই আরও বেশি গভীর জ্ঞান অর্জন করতে হবে।’ সঠিক উপস্থাপনা: পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখায় কোনো প্রশ্নের উত্তর যথাযথ ও সুন্দরভাবে উপস্থাপন করলে সহজেই পরীক্ষকের মনোযোগ আকর্ষণ করা যাবে। কিন্তু হাতের লেখা ভালো বা স্পষ্ট না হলে বা অপ্রাসঙ্গিক আলোচনা করলে ভালো নম্বর পাওয়া যায় না। তাই উত্তর যথাযথ ও প্রাসঙ্গিক হওয়াটাও জরুরি। ফল ভালো করতে হলে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। পরীক্ষার খাতায় লেখা উপস্থাপনের বিষয়ে কৌশলী হতে হবে। সুন্দর উপস্থাপনা, প্রমাণ-বিশ্লেষণ, ব্যাখ্যা, উপসংহার—সব ক্ষেত্রে ভালো করতে হবে। উত্তর যথার্থ হতে হবে। অর্থাত্ প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর করতে হবে। দ্বিতীয়ত, হাতের লেখা স্পষ্ট হতে হবে, যেন পরীক্ষক ভালোভাবে বুঝতে পারেন। এ ছাড়া যে প্রশ্নগুলোর উত্তর করলে ভালো নম্বর পাওয়া যাবে, সেগুলোর উত্তর করতে হবে। যেসব প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লেখা যায়, সে ক্ষেত্রে ভালো নম্বর তোলা যায়। তাই সেসব প্রশ্ন বেছে উত্তর করার চেষ্টা করতে হবে, যেগুলোতে পয়েন্ট আকারে লেখা যায় বা বেশি পয়েন্ট দেওয়া যায়। পাঠ্যবই পড়ো: মূল বই না পড়ে গাইড বা নোট বই পড়লে পাস করা যাবে; হয়তো মোটামুটি ভালো ফল করা সম্ভব হবে; কিন্তু জিপিএ-৫ পাওয়া যাবে না। তাই গাইড বা নোট বই বর্জন করতে হবে। মূল বই পড়তে হবে। তবে প্রয়োজনে বিভিন্ন সহায়ক বইয়ের সাহায্য নেওয়া যায়। পরীক্ষায় ভালো করতে চাইলে ব্যাপক প্রস্তুতি প্রয়োজন। একই বিষয় বারবার মনোযোগসহকারে পড়তে হবে। ভালো ফলের জন্য নিয়মিত পড়ার কোনো বিকল্প নেই।ভালো করার জন্য নিজের ইচ্ছা থাকতে হবে, মূল বই বারবার পড়তে হবে। বাংলাদেশ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘ভালো করতে চাইলে সব প্রশ্নের উত্তর ভালোভাবে আত্মস্থ করতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতিটি বিষয়ের ওপর একাধিক বই বাজারে পাওয়া যায়। যে বিষয়ে যে বই ভালো বা যে অধ্যায়টি যে বইয়ে ভালো দেওয়া আছে, অর্থাত্ যার কাছে যেটি ভালো লাগে, সেটি থেকেই পড়া উচিত। শেখার পর পরীক্ষার খাতায় ভালোভাবে গুছিয়ে লিখতে পারলেই ভালো নম্বর পাওয়া যাবে।’ সিলেবাস বড়: মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিক পর্যায়ে সিলেবাস অনেক বেশি। এখানে মাধ্যমিক পর্যায়ের চেয়ে আরও ব্যাপকভাবে প্রতিটি বিষয়ে আলোচনা করা হয়। তাই ভালো করতে হলে এসএসসির চেয়ে এ পর্যায়ে আরও বেশি পড়াশোনা করতে হবে। সেন্ট গ্রেগরিজ স্কুলের শিক্ষক মো. হুমায়ুন কবীর বলেন, ‘উচ্চমাধ্যমিকের সিলেবাস অনেক বড় হওয়ায় এখানে বেশি পড়তে হয়। কিন্তু পড়ার তুলনায় পরীক্ষায় কম লিখতে হয়। এ ক্ষেত্রে জানার পরিধি ছোট হলে পরীক্ষায় খারাপ করার আশঙ্কা থাকে।’ চাই ভালো প্রস্তুতি: পরীক্ষায় ভালো করতে চাইলে প্রয়োজন ভালো প্রস্তুতি। প্রস্তুতি হিসেবে আগে থেকেই নিজে নিজে হ্যান্ডনোট তৈরি করে ফেলতে হবে। এ ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা হলো, উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিটি বিষয়ের ওপর অনেক বই বাজারে পাওয়া যায়। এসব বই মিলিয়ে নোট করে ফেলা কঠিন কোনো কাজ নয়।এসএসসি পরীক্ষায় ভালো ফল করা অনেক শিক্ষার্থী এইচএসসি পর্যায়ে এসে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে ব্যর্থ হয়। এর কারণ হলো, ভালো ফলের জন্য এসএসসি পর্যায়ের চেয়ে এইচএসসিতে আরও অনেক বেশি পড়াশোনা করতে হয়। এ বিষয়ে নুরুল ইসলাম নিয়াজ বলেন, ‘ভালো ফল করতে চাইলে বা আগের ফল ধরে রাখতে চাইলে বেশি শ্রম দিতে হবে। শিক্ষার্থীদের অনেকেরই ধারণা, এসএসসিতে কম পড়েই ভালো ফল করেছি, এইচএসসিতেও আগের মতো কম পড়ে ভালো ফল করব। কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না।’ এইসএসসি পরীক্ষার খুব বেশি দেরি নেই। তাই তোমরা যারা পরীক্ষায় ভালো করতে চাও, পরিকল্পনামাফিক প্রস্তুতি শুরু করে দাও এখনই। ভালোভাবে নোট তৈরি করে পড়লে তোমরা নিশ্চয়ই ভালো করতে পারবে। তবে শুধু পড়লেই হবে না, বারবার লিখতে হবে। কোনো প্রশ্ন মুখস্থ করার পর যদি তা বারবার লেখ, তবে তা আরও বেশি স্মৃতিতে গেঁথে যাবে। এতে পরীক্ষার খাতায় সহজেই লিখতে পারবে। আর যতবার লিখবে, পরীক্ষার খাতায় তুমি তত ভালো গুছিয়ে লেখা শিখতে পারবে। এইচএসিতে নৈর্ব্যক্তিক নেই তো কী হয়েছে, তোমরা তোমাদের মেধা-মননের বিকাশ ঘটিয়ে নিশ্চয়ই কাঙ্ক্ষিত ফল অর্জনে সফল হবে। তোমাদের জন্য শুভ কামনা।