বাংলা বিভাগীয় প্রধান, মাস্টার ট্রেইনার (বাংলা) সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়, ঢাকাসৃজনশীল পদ্ধতি অংশ-১প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক আলোচনা দেওয়া হলো। এতে ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু, সৃজনশীল প্রশ্ন করার কলাকৌশল, কিছু নমুনাপ্রশ্ন এবং তার উত্তর সহজভাবে উপস্থাপন করা হবে। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটির ওপর আলোচনা করা হলো। নিচের আলোচনাটুকু সরাসরি প্রশ্নোত্তরের অংশ নয়। তবে আলোচ্য অংশটুকু পড়লে উল্লিখিত বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হবে।‘রচনার শিল্পগুণ’ রচনার উদ্দেশ্য বা প্রেক্ষাপট:উনিশ শতকে ভারতীয় উপমহাদেশে ইংরেজি শিক্ষার প্রসারে মধ্যবিত্ত শ্রেণীর মানসিকতায় তীব্র আলোড়ন হয়। পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চায় অনেকেই এগিয়ে আসেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন অগ্রজ সাহিত্যিক হিসেবে অনুজ ভাবী সাহিত্যিকদের কিছু দিকনির্দেশনা দেওয়া কর্তব্য মনে করেছেন। তাই ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে সেসব হবু সাহিত্যিকদের উদ্দেশে সাহিত্যচর্চা-বিষয়ক কিছু দিকনির্দেশনা দিয়েছেন ‘অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা’ শিরোনামে।আমাদের জন্য ‘রচনার শিল্পগুণ’ পাঠ্য করার উদ্দেশ্য:এনসিটিবি বঙ্কিম রচনাবলি থেকে এই অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা সংগ্রহ করে ‘রচনার শিল্পগুণ’ নামের প্রবন্ধটি আমাদের জন্য পাঠ্য করেছে। এর উদ্দেশ্য হলো, নবম-দশম শ্রেণীতে ওঠার পর অনেক শিক্ষার্থীর মধ্যে সাহিত্যবোধ জাগে। কেউ কেউ ছড়া, কবিতা, গল্প ইত্যাদি লিখতে শুরু করে। তাদের সাহিত্যবোধকে পাকাপোক্ত করতে বা সাহিত্যের আঙ্গিক গঠন সম্পর্কে ধারণা দিতেই ‘রচনার শিল্পগুণ’ পাঠ্য করা হয়েছে। এটা পড়ে একজন শিক্ষার্থী সাহিত্য রচনা সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে। অর্থাৎ কোন সাহিত্যকর্মের শব্দ চয়ন কেমন হতে হয়, বাক্য গঠন কীভাবে করতে হয়, কোন জাতীয় শব্দ ব্যবহার করা যাবে, কোনটা করা যাবে না, কীভাবে সাহিত্য রচনা করলে তা পাঠকের কাছে সহজবোধ্য হবে এবং গ্রহণযোগ্যতা পাবে ইত্যাদি।‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের ভাববস্তু/বিষয়বস্তু : আত্মপ্রকাশ, পারিপার্শ্বিকতার সঙ্গে সংযোগ, কল্পজগতের প্রয়োজনীয়তা, রূপপ্রিয়তা প্রভৃতি কারণে বাহ্য জগতের রূপ-গন্ধ-স্পর্শ-শব্দকে আত্মগত অনুভূতি রসে স্নিগ্ধ করে শিল্পসংগতভাবে প্রকাশ করাই সাহিত্য। আর কোনো রচনা বা সাহিত্যকর্মকে শিল্পসফল হতে হলে তার বেশ কিছু গুণাবলি অত্যাবশ্যক। সুতরাং, ‘রচনার শিল্পগুণ’ বলতে এমন কতগুলো স্বাতন্ত্রিক গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, যা কোনো সমালোচক ও সাহিত্যবোদ্ধার দৃষ্টিতে এ রচনা বা সাহিত্যকর্মকে রসোত্তীর্ণ ও কালোত্তীর্ণ করে। উত্তরাধুনিক সাহিত্য সমালোচকদের দৃষ্টিতে সাধারণত শব্দ চয়ন ও প্রয়োগ, বাক্য গঠনরীতি তথা ভাষারীতি, ছন্দ-অলংকার, উপমা-উদাহরণ, লেখকের অসাম্প্রদায়িক মানসিকতা, ব্যক্তিক সংশ্লিষ্টতা, শাশ্বত কল্যাণ প্রতিষ্ঠা ইত্যাদি রচনার শিল্পগুণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে ‘অর্থব্যক্তি’ ও ‘প্রাঞ্জলতা’কেই রচনা বা সাহিত্যকর্মের প্রধান দুটো গুণ হিসেবে উল্লেখ করেছেন।অর্থব্যক্তি কী: অর্থব্যক্তি বলতে বঙ্কিমচন্দ্র বোঝাতে চেয়েছেন অর্থ প্রকাশ। অর্থাৎ উপযুক্ত শব্দ চয়নের মাধ্যমে লেখকের মনের কথা পাঠককে বুঝিয়ে বলা। অর্থব্যক্তির আসল কথা হলো লৌকিক শব্দ চয়ন। অর্থাৎ যে শব্দটি পাঠকের কাছে সর্বাধিক পরিচিত ও ব্যবহূত এবং যার অর্থবিভ্রান্তি নেই, সেসব শব্দই নির্বাচন করা উচিত। এ ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র ‘ইশতিহার’ ও ‘বিজ্ঞাপন’ শব্দের উদাহরণ এনে ‘ইশতিহার’ শব্দটি ব্যবহার করতে বলেছেন। কারণ ‘বিজ্ঞাপন’ সংস্কৃত শব্দ হলেও এর অনেকগুলো অর্থ আছে। যেমন—কোনো পণ্য বিক্রির কথামালা বিজ্ঞাপন, রাজকর্মচারীর রিপোর্টের নাম বিজ্ঞাপন, কোনো বইয়ের ভূমিকার নাম বিজ্ঞাপন, আদালত থেকে প্রচারিত আদেশের নামও বিজ্ঞাপন। কিন্তু ‘ইশতিহার’ আরবি শব্দ হলেও এর কোনো অর্থবিভ্রান্তি নেই। এর একটাই অর্থ—আদালত থেকে প্রচারিত আদেশ। তা ছাড়া ‘ইশতিহার’ শব্দটি লৌকিক, অর্থাৎ লোকসমাজে এ শব্দটার বহুল ব্যবহার প্রচলিত আছে। তবে অনেক সময় বক্তব্য প্রকাশের উপযোগী যথার্থ শব্দ পাওয়া না গেলে সে ক্ষেত্রে নানা অর্থবোধক শব্দটিই ব্যবহার করে তার পরিভাষা লিখে দেওয়ার পক্ষে মত দিয়েছেন লেখক। পরিভাষার পাশাপাশি উদাহরণের মাধ্যমে অর্থ সুস্পষ্ট করলে ভালো হয়। এ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র ‘জাতি’ শব্দের উদাহরণ দিয়েছেন। ‘জাতি’ শব্দের অনেকগুলো অর্থ হয়। কিন্তু কী অর্থে শব্দটি ব্যবহার করা হলো, সেটা উল্লেখ করা উচিত। তাহলে সহজে সাহিত্যের অর্থ প্রকাশ পাবে। সর্বোপরি শব্দ চয়নের ক্ষেত্রে লেখকের সংকীর্ণ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ একজন লেখককে কোনো বিশেষ ভাষার প্রতি দুর্বলতা দেখানো যাবে না। সব ভাষার শব্দই তাঁর কাছে সমান প্রিয় এবং যে শব্দটা উপযুক্ত মনে হবে, লেখক সে শব্দটাই ব্যবহার করবেন। কিন্তু সে সময় এমনটা ছিল না। তখন অনেক লেখক ‘সংস্কৃত’ ভাষার প্রতি দুর্বলতা দেখাতেন। সংস্কৃত শব্দ ছাড়া অন্য কোনো শব্দ তাঁরা ব্যবহার করতে চাইতেন না। বঙ্কিমচন্দ্র এমনটা করতে নিষেধ করেছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল