রবীন্দ্রনাথের নামে সরকারি বিশ্ববিদ্যালয়
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে দেশে একটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। কবিগুরুর স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে হচ্ছে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস।
আগামীকাল ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। তাঁর ১৫৪ তম জন্মবার্ষিকীতে শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর পতিসরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়টির আইনের খসড়াও চূড়ান্ত করা হয়েছে। খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিগগির মন্ত্রিসভায় সেটি পাস হবে। আগামী মাসে শুরু হওয়া সংসদ অধিবেশনেই সেটি বিল হিসেবে উপস্থাপন করা হবে।
ওই কর্মকর্তা বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে কবিগুরুর জন্মদিনে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, এটি সাধারণ বিশ্ববিদ্যালয় হলেও এখানে রবীন্দ্র দর্শন বিষয়ে অধ্যয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া কলা, সংগীত ও নৃত্য, চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়, ব্যবসায় প্রশাসন, আইন, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিসহ নতুন কিছু বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হবে।
আইনের খসড়া তৈরির সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ও দুজন সহউপাচার্যের প্রস্তাব করা হয়েছে। সহউপাচার্যের একজন শিলাইদহ ও অন্যজন পতিসর ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন।
জানতে চাইলে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, শাখা ক্যাম্পাসে সহ-উপাচার্য না থাকলে ক্যাম্পাসগুলো অভিভাবকহীন থাকবে। এ জন্যই এই প্রস্তাব করা হয়েছে।
এই বিশ্ববিদ্যালয়টি হলে দেশে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৩৮টি। এর বাইরে খুলনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন ইউজিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা।
রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, সংস্কৃতিমনা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। তাঁর প্রত্যাশা, এই বিশ্ববিদ্যালয়টি যেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো উচ্চমানের হবে। এটা করতে গেলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা বাদ দিতে হবে। প্রকৃত মেধাবীরা যেন শিক্ষক হতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। রবীন্দ্রনাথের দর্শন ও সাহিত্যের পাশাপাশি মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো যেমন পড়াতে হবে তেমনি ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞানের মতো বিষয়গুলোও পড়াতে হবে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে এবং শাহজাদপুরে ১৪২টি তোরণ নির্মাণ করা হয়েছে। মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলো প্রধানমন্ত্রী, রবীন্দ্রনাথসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। এখানেই প্রধানমন্ত্রী রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য দেবেন।