রসায়ন
সংজ্ঞাপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন বিষয়ের থেকে নির্বাচিত সংজ্ঞা আলোচনা করা হলো। প্রতীক: কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ওই মৌলের প্রতীক বলা হয়। কোনো কোনো মৌলের প্রতীক এক অক্ষরে লেখা হয়। সে ক্ষেত্রে তা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হয়। অন্যান্য মৌলের প্রতীক দুই অক্ষরে লেখা হয়। সে ক্ষেত্রে প্রথম অক্ষর ইংরেজিতে বড় হাতের এবং দ্বিতীয় অক্ষর ইংরেজিতে ছোট হাতের হয়। বিভিন্ন মৌলের প্রতীক আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট করা।সংকেত: কোনো বস্তুর অণুর সংক্ষিপ্ত প্রকাশকে বস্তুর আণবিক সংকেত বা শুধু সংকেত বলা হয়।সংযুতি: কোনো যৌগের সংযুতি বলতে তাতে বিদ্যমান মৌলগুলো কী অনুপাতে আছে, তা বোঝায়। সাধারণত ভর হিসেবে কোনো মৌলের পরিমাণ শতকরা কত ভাগ, তা প্রকাশ করা হয়।স্থূল সংকেত: কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলের পরমাণুগুলোর সংখ্যা যে ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা অনুপাতে আছে, তার সংক্ষিপ্ত প্রকাশকে যৌগের স্থূল সংকেত বলা হয়। স্থূল সংকেত থেকে অণুতে কোনো মৌলের প্রকৃত সংখ্যা জানা যায় না। কিন্তু আণবিক সংকেত থেকে জানা যায়।যোজনী: কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন বা এর সমতুল্য অন্য মৌলের যতসংখ্যক পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেনের যতসংখ্যক পরমাণু প্রতিস্থাপিত করতে পারে, সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়।পরিবর্তনশীল যোজনী: যে মৌলের একাধিক যোজনী বিদ্যমান, তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়।সক্রিয় যোজনী: কোনো যৌগে কোনো মৌলের যে যোজনী কার্যকর অবস্থায় থাকে, সেই যোজনীকে সেই যৌগে সেই মৌলের সক্রিয় যোজনী বলা হয়।সুপ্ত যোজনী: কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কোনো যৌগে মৌলটির সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে সেই যৌগে সেই মৌলের সুপ্ত যোজনী বলা হয়।গাঠনিক সংকেত: কোনো বস্তুর অণুতে তার উপাদান পরমাণুগুলো পরস্পরের সঙ্গে কীভাবে যুক্ত আছে, তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহূত হয়, তাকে বস্তুর গাঠনিক সংকেত বলা হয়।যৌগমূলক: অনেক সময় দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি গ্রুপ গঠন করে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে পরমাণুর মতো আচরণ করে, সেগুলোকে যৌগমূলক বলা হয়।রাসায়নিক সমীকরণ: একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে, তা সংশ্লিষ্ট বস্তুগুলোর সংকেত এবং অন্যান্য সংকেতের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশের পদ্ধতিকে ওই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ বলা হয়।মৌলিক কণিকা: যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদের মৌলিক কণিকা বলা হয়। এরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন: পরমাণুর মধ্যকার সবচেয়ে হালকা কণিকা ইলেকট্রন। এটি ঋণাত্মক আদানযুক্ত এবং এর আপেক্ষিক আধানকে -1 ধরা হয়। ইলেকট্রন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান। প্রোটন: পরমাণুর অন্য মৌলিক কণিকা প্রোটন। এটি ধনাত্মক আধানযুক্ত এবং এর আপেক্ষিক আধানের পরিমাণ +1। প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে।নিউটন: পরমাণুর আরেকটি মৌলিক কণিকা নিউট্রন। এটি তড়িৎ নিরপেক্ষ। এর আপেক্ষিক ভর 1 নিউটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। পারমাণবিক সংখ্যা: কোনো মৌলের পরমাণুর অন্তর্গত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। ভর সংখ্যা: কোনো পরমাণুর অন্তর্গত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। আইসোটোপ: একই মৌলের বিভিন্ন ভর সংখ্যাবিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অথবা, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। পরমাণুতে বিভিন্ন মূল কণিকার সংখ্যা: যেকোনো পরমাণুতে Z সংখ্যক প্রোটন, Z সংখ্যক ইলেকট্রন ও (A-Z) সংখ্যক নিউট্রন বিদ্যমান। Z পরমাণুর পারমাণবিক সংখ্যা, A ভর সংখ্যা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল