রসায়ন
সংজ্ঞাপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য গতকালের ধারাবাহিকতায় আজ রসায়ন বিষয় থেকে নির্বাচিত সংজ্ঞা আলোচনা করা হলো। বিদ্যুৎ পরিবাহী: যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদের বিদ্যুৎ পরিবাহী বলা হয়। বিদ্যুৎ পরিবাহী দুই প্রকারের—ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী: যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কোনো রকম রাসায়নিক পরিবর্তন হয় না তাদের ধাতব পরিবাহী বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য: যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তড়িৎ অবিশ্লেষ্য: যেসব যৌগ বিগলিত বা দ্রবীভূত বিদ্যুৎ পরিবহন করে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য বলা হয়। তড়িৎ বিশ্লেষণ: বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সে যৌগের বিযোজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তড়িৎ বিশ্লেষণ কোষ: যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ চালানো হয় তাকে তড়িৎ বিশ্লেষণ কোষ বলা হয়। তড়িৎদ্বার: তড়িৎ বিশ্লেষণের সময় বিগলিত বা দ্রবীভূত বিশ্লেষ্যের মধ্যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী প্রবেশ করাতে হয়, তাদের তড়িৎদ্বার বলা হয়। যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তাকে অ্যানোড এবং যে তড়িৎদ্বার ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তাকে ক্যাথোড বলা হয়। ইলেকট্রোপ্লেটিং: তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর তৈরি জিনিসপত্রের ওপর অন্য একটি ধাতুর প্রলেপ সৃষ্টি করাকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলা হয়। তড়িৎ বিশ্লেষণ-সংক্রান্ত ফ্যারাডের সূত্র: ১) প্রথম সূত্র: তড়িৎ বিশ্লেষণের সময় যেকোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তাপোৎপাদী বিক্রিয়া: যে বিক্রিয়ায় তাপ নির্গত হয়, তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলা হয়। তাপহারী বিক্রিয়া: যে বিক্রিয়ায় তাপ শোধিত হয়, তাকে তাপহারী বিক্রিয়া বলা হয়। বিক্রিয়ায় তাপশক্তি পরিবর্তন: বিক্রিয়ার তাপশক্তির পরিবর্তনকে H সংকেত দ্বারা প্রকাশ করা হয়। আধুনিককালে এর একক kJ ধরা হয়। বিক্রিয়ার তাপশক্তি শোধিত হলে H ধনাত্মক, তাপ নির্গত হলে H ঋণাত্মক হয়। শক্তি পরিবর্তনের উৎস: রসায়নিক বিক্রিয়ার কিছু রাসায়নিক বন্ধন ভাঙে, কিছু নতুন বন্ধন সৃষ্টি হয়। বন্ধন ভাঙার সময় শক্তির জোগান দিতে হয়, বন্ধন সৃষ্টির সময় শক্তি নির্গত হয়। এ দুইটি প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি শোধিত বা নির্গত হয়, তাই রাসায়নিক বিক্রিয়ায় শোধিত বা নির্গত শক্তি। বিভিন্ন বন্ধনের শক্তি জেনে তাত্ত্বিকভাবে রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনের পরিমাণ হিসাব করা হয়। দহন তাপ: 1 atm চাপে কোনো যৌগিক বা মৌলিক পদার্থের এক মোল সম্পূর্ণরূপে অক্সিজেনে দহন করলে তাপশক্তির যে পরিবর্তন হয়, তাকে সে পদার্থের দহন তাপ বলা হয়। প্রশমন তাপ: এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় 1 মোল পরিমাণ পানি উৎপাদনে যে পরিমাণ তাপ নির্গত হয়, তাকে প্রশমন তাপ বলে। একটি তীব্র এসিডকে একটি তীব্র ক্ষারক প্রশমনে তাপ প্রায় ধ্রুবক এবং এর মান মোটামুটিভাবে 57.3 KJদ্রবণ তাপ: এক মোল কোনো বস্তুকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তন হয়, তাকে সে বস্তুর দ্রবণ তাপ বলা হয়।তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক সেল বা কোষ: যে কোষে রসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালিভানিক সেল বলা হয়। অন্যভাবে বলা যায়, যে কোষে রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাকে গ্যালভানিক সেল বলা হয়। ডেনিয়েল সেল এ রকম তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল