রাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু বুধবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান (ইঞ্জিনিয়ারিং ও বিবিএ) কোর্সে ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস (SMS) পাঠিয়ে ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করতে হবে। এরপর প্রাপ্ত ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) সংরক্ষণ করতে হবে। ভর্তি পরীক্ষার আগে ছবি ও স্বাক্ষর আপলোড করে অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
এ জন্য আবেদনকারীর মোবাইল থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা কেটে নেওয়া হবে। মেধাক্রম অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি ও পোষ্য কোটা বিধিমোতাবেক সংরক্ষণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ শিক্ষাবর্ষে দুটি ইউনিটে মোট আসনসংখ্যা ১০০টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি এবং ‘বি’ ইউনিটে ব্যবস্থাপনা বিভাগে ৫০টি আসন রয়েছে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আবেদনকারীকে পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ (৪র্থ বিষয়সহ) ও সর্বমোট জিপিএ-৬.৫০ এবং ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির আবেদন করার জন্য বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় আবেদনকারীকে পৃথকভাবে ন্যূনতম জিপিএ-২.৫০ (৪র্থ বিষয়সহ) ও সর্বমোট জিপিএ-৫.৫০ থাকতে হবে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rmstu.edu.bd) ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।