রাজশাহী কলেজ থেকে জিপিএ-৫ পেলেন ৪৮৫ জন
এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৮৫ জন।
কলেজের শিক্ষক সূত্র জানায়, ১৪ বছর বন্ধ থাকার পর ২০১০-১১ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। ২০১২ সালে প্রথম ব্যাচ বের হয়েছে। সেবার পাসের হার ছিল ৯৮ দশমিক ৯২ শতাংশ। ২০১৩ সালে পাসের হার ছিল শতকরা ৯৯ ভাগ। দ্বিতীয় ব্যাচের ফলাফলে কলেজটি বোর্ডসেরা হয়। গতবারও তারা সেই অবস্থান ধরে রাখে।
এবার এ কলেজ থেকে ৫৮৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩০২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষায় ১৪৩ জনের মধ্যে ৮১ জন এবং মানবিকে ১৪৪ জনের মধ্যে ১০২ জন জিপিএ-৫ পেয়েছেন।
অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, এ কলেজ আবারও প্রমাণ করেছে ভালো ফলের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার ধরিয়ে দেওয়া হয়। ক্যালেন্ডার অনুযায়ী তাঁদের ক্লাস, বিশেষ পরীক্ষা নেওয়া হয়েছে। নির্বাচনী পরীক্ষার পর অভিভাবকদের সঙ্গে আলাপ করে তিন মাস শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া হয়েছে।