রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের নিবন্ধন কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনের নিবন্ধন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে এ নিবন্ধন চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনের জন্য নিবন্ধন করতে পারবেন। মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করে শুধু অনলাইনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের ফি নির্ধারিত হয়েছে সাড়ে তিন হাজার টাকা। সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.ru.ac.bd/con14 <http://www.ru.ac.bd/con14>) থেকে জানা যাবে। আচার্যের অনুমতি সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। তবে এবার সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে শুধু স্নাতক ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন না।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘ওই পাঁচ বছরে শুধু স্নাতকোত্তর ডিগ্রিধারীর সংখ্যাই ১৫ হাজারের মতো। সে ক্ষেত্রে ওই সময়ে শুধু স্নাতক ডিগ্রিধারীদের সুযোগ দিলে এই সংখ্যা আরও বেড়ে যাবে। তাই তাঁদের অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।’ আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন আয়োজন করা হবে বলে তিনি দাবি করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর প্রায় ১৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ২৯ নভেম্বর।