রাজশাহী বিশ্ববিদ্যালয় 'সি' ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ (বিজ্ঞান অনুষদ) ইউনিটের ফল আজ সোমবার বিকেলে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আখতার ফারুক জানান, ‘সি’ ইউনিটে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আগামী ১৬ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এই ইউনিটে বিজোড় থেকে ৩ হাজার ৩৯৮ ও জোড় থেকে ৩ হাজার ৮০৫ শিক্ষার্থী পাস করেছেন।
বিজ্ঞান অনুষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ নভেম্বর বেলা একটার মধ্যে বিষয় পছন্দক্রম ফরমের ফটোকপি বিভাগে গিয়ে অথবা ডাকযোগে জমা দিতে হবে। পরীক্ষার্থী উপস্থিত না থাকলেও চলবে। এরপর আগামী ২২ নভেম্বর ভর্তির চূড়ান্ত তালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ‘সি’ ইউনিটে ৬৬০ আসনের বিপরীতে ৩২ হাজার ৮০২ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।