রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আট ইউনিটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য এবারও বিভাগগুলোকে আটটি ইউনিটে বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ও ফরমের দাম গত শিক্ষাবর্ষের মতোই রাখা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.৫সহ মোট জিপিএ-৭.৫ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৪.০০ সহ মোট জিপিএ-৮.৫ এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.৫সহ মোট জিপিএ-৮.০০ পেতে হবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া ইউনিট ও বিভাগের আরোপিত শর্তও প্রযোজ্য হবে।

ভর্তি পরীক্ষাসমূহ ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি বৃদ্ধি না করে গত শিক্ষাবর্ষের মতো রাখা হয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘প্রথমে আমরা তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব করেছিলাম। কিন্তু বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে গতবারের মতো আটটি ইউনিটেই পরীক্ষা নেওয়া হবে।’ কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদে একটি করে বিভাগ বৃদ্ধি হলেও ফরমের দামের কোনো পরিবর্তন করা হয়নি বলে জানান উপাচার্য।