রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। আর ভর্তির আবেদনের প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।তবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীর যোগ্যতা এখনো চূড়ান্ত করা হয়নি। ১৪ আগস্ট এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।সভা সূত্রে জানা গেছে, গতবারের মতো চলতি শিক্ষাবর্ষেও টেলিটক মোবাইল ফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপরেজিস্ট্রার আসলাম হোসেন জানান, এবারের ভর্তি পরীক্ষায় তেমন কোনো পরিবর্তন আনা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের আওতায় ১৪টি ইউনিটে ভর্তির জন্য আবেদন করা যাবে। ১৪ আগস্টের পর ভর্তি-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.ru.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।