রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ আসনের বিপরীতে ৩০ জন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে আটটি অনুষদভুক্ত ১৪টি ইউনিটে তিন হাজার ৪০০ আসনের বিপরীতে এবার এক লাখ ৩১ হাজার ১৫৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। হিসাব অনুযায়ী, এবার প্রতি আসনের বিপরীতে ৩৯ জন প্রতিযোগী ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হয় ১৫ সেপ্টেম্বর রাত ১২টা এক মিনিট থেকে এবং শেষ হয় ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের খুদে বার্তার মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন চলে। ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলবে। ভর্তি পরীক্ষা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষে এ-১ ইউনিটে পাঁচ হাজার ১৮০, এ-২ ইউনিটে ছয় হাজার ৪৪০, এ-৩ ইউনিটে ১৩ হাজার ২১১, এ-৪ ইউনিটে তিন হাজার ৭৮৭, এ-৫ ইউনিটে দুই হাজার ৫৩৪, এ-৬ ইউনিটে ৯৬২, বি ইউনিটে ১৬ হাজার ২৩০, সি ইউনিটে ১২ হাজার ৬৭০, ডি ইউনিটে ১৮ হাজার ৫২৭, ই ইউনিটে ২০ হাজার ২১১, এফ-১ ইউনিটে সাত হাজার ১৫২, এফ-২ ইউনিটে পাঁচ হাজার ৯০১, জি ইউনিটে ছয় হাজার ৯৬৫ এবং এইচ ইউনিটে ১১ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে পরিচালিত এনিমেল হাজব্রেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগে পাঁচটি, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে পাঁচটি, চারুকলা বিভাগে ১০টি এবং আদিবাসী-ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় পাঁচটি এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় পাঁচটি করে মোট ৩০টি আসন বাড়ানো হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ এবং পোষ্য কোটায় পাঁচ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে।