রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'ই' ইউনিটের সংশোধিত ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ই’ ইউনিটের ফল প্রকাশের পাঁচ দিন পর আজ সোমবার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে জোড় নম্বরধারী নতুন ১৮৩ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। আর এর আগের প্রকাশিত ফলের তালিকা থেকে সমান সংখ্যক শিক্ষার্থী বাদ পড়েছেন।
যান্ত্রিক ত্রুটির কারণে ফলের পরিবর্তন হয়েছে উল্লেখ করে আজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা জানান, ‘ওএমআর মেশিনে উত্তরপত্র স্ক্যানিং করার পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তিচ্ছুদের তালিকা দেওয়া হয়। ফল কম্পিউটারে গড় করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এক্সেল শিটে ১৮৩ জনের ফল পরিবর্তন হয়ে যায়। ফলাফল পুনরায় যাচাই করার সময় এই ত্রুটি আমরা ধরতে পারি এবং ফলাফল নতুনভাবে প্রকাশ করা হয়। ফলে যোগ্য শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবে।’
তবে ফলাফল নিয়ে কোনো অভিযোগ এলে অভিযোগকারী ওই শিক্ষার্থীকে তাঁর উত্তরপত্র দেখানো হবে।
এদিকে সংশোধিত ফলাফল নিয়ে আগের তালিকা থেকে বাদ পড়া ও নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্যÿকরা গেছে। বিথী খাতুন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমার রোল নম্বর ২০৭৬৪। আগের রেজাল্টে আমার সিরিয়ালই আসেনি। এতে পারিবারিক ও মানসিকভাবে আমি নানা চাপের মুখে পড়েছিলাম। কিন্তু সংশোধিত ফলাফলে আমার সিরিয়াল এসেছে ১৯৩।’ রেজাল্ট প্রকাশে এমন ভুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের জন্য দুঃখজনক বলে মনে করেন তিনি।
অন্যদিকে সনজিদ কুমার নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘আগের রেজাল্টে আমার সিরিয়াল এসেছিল ৫৩৪। বিষয় পছন্দের ফরমও পূরণ করেছি। কিন্তু গতকাল (রোববার) সন্ধ্যায় ফলাফল দেখতে গিয়ে দেখি আমি ফেল করেছি। এটা এখন আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা বলেন, প্রথমে ফলাফলে ভুল থাকার কারণে তা আবার সংশোধন করে প্রকাশ করা হয়েছে। এই সংশোধনী ফল অনুসারেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
এ বছর ই-ইউনিটে মোট ৭৯৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ২৫ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী।