রাজশাহীতে পাস কমেছে, জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো ফলের উল্লাস নটর ডেম কলেজের শিক্ষার্থীদের। ছবি: সাহাদাত পারভেজ
ভালো ফলের উল্লাস নটর ডেম কলেজের শিক্ষার্থীদের। ছবি: সাহাদাত পারভেজ

রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বেড়েছে।
বোর্ডে এবার পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ। গত বছর ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর ৮২৩ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছেন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৩ জন। গতবার ছিল ৫ হাজার ২৫০ জন।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এই ফলাফল তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ।
প্রাপ্ত ফলাফল থেকে দেখা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৪ হাজার ৮০০ জন ছাত্র এবং ৫২ হাজার ৭৬৮ জন ছাত্রী। জিপিএ-৫ প্রাপ্ত ৬ হাজার ৭৩ জনের মধ্যে ৩ হাজার ৮০ জন ছাত্র এবং ২ হাজার ৪৯৩ জন ছাত্রী। এই বোর্ডে ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৭১ এবং মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৭০।

ফলাফলে আরও জানানো হয়, এবার ৭১৫টি কলেজের মধ্যে ১৮টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছেন। আর আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি।