রাজশাহীতে পাস বেড়েছে, জিপিএ-৫ কমেছে

রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। পাসের হারে ছেলেদের চেয়ে এবারও মেয়েরা এগিয়ে রয়েছেন। তবে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে গতবারের মতো এবারও ছেলেরা এগিয়ে রয়েছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ৬৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১১ হাজার ৬৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৮৭ হাজার ৭২০ জন। পাসের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। গতবার এই হার ছিল ৭৭ দশমিক ৬৯ শতাংশ। এবার পাসের হার ছেলেদের ৭৬ দশমিক ২৭ ও মেয়েদের ৮১ দশমিক ১৮ শতাংশ। গতবার ছেলেদের পাসের হার ছিল ৭৫ দশমিক ০৫ আর মেয়েদের ছিল ৮০ দশমিক ৭২ শতাংশ।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ৯৮৩ ও মেয়ে ৩ হাজার ৬৫৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৬৬৬ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৮৫০ আর মেয়ে ৩ হাজার ৮১৬ জন।
রাজশাহী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন খোন্দকার মো. আবু তালহা। রাজশাহী বোর্ডের পাসের হার বাড়ার ব্যাপারে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আগের চেয়ে বেশি ক্লাসমুখী হয়েছে। অভিভাবকদের সচেতনতা বাড়ছে। শিক্ষকেরাও এখন ভালো ফলাফলের আশায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। একাডেমিক ক্যালেন্ডার করছেন।’ তাঁর ধারণা, এসব কারণেই পাসের হার বাড়ছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে ২০০৮ থেকে এ পর্যন্ত এক নাগাড়ে পাসের হারে মেয়েরা এগিয়ে আছেন। রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান বেগম বলেন, ঘরের বাইরের পরিবেশের সঙ্গে ছেলেদের চেয়ে মেয়েরা অপেক্ষাকৃত কম জড়ায়। এ কারণে বাইরের বিভিন্নমুখী ঝামেলা থেকে মেয়েরা অনেকটা মুক্ত থাকে। পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে। তাঁর ধারণা, এতে করে পাসের হারে মেয়েরা একটু এগিয়ে থাকছেন।
এবারের রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল নিয়ে শিক্ষাবিদ তসিকুল ইসলাম রাজা বলেন, পাসের হারও বাড়ছে, কিন্তু শিক্ষার গুণগত মান বাড়ছে না। সব বিষয়ে জিপিএ-৫ পেয়েও আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে পারছে না। আপাতত এই ফলাফলে খুশি হওয়া গেলেও আশাব্যঞ্জক বলা যাচ্ছে না।
এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, জিপিএ-৫-এর সংখ্যা কমেছে সত্য, কিন্তু পাসের হার অল্প হলেও বেড়েছে। তিনি বলেন, নতুন নতুন পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীরা এখনো হয়তো ঠিকমতো খাপ খাওয়াতে পারছে না। এ জন্যই জিপিএ-৫-এর সংখ্যা হয়তো একটু কমেছে। তবে তাঁরা শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য পাঠদানপ্রক্রিয়া আরও ইতিবাচক করতে কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ দেবেন এবং তদারকি বাড়াবেন বলে তিনি জানালেন।