সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসা পরিচিতি বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। জামিল ও বাবুল পাঁচ বন্ধু নিয়ে একটি তৈরি পোশাকশিল্প স্থাপন করেন। ব্যবসায় প্রথম দিকে ভালো মুনাফা অর্জন করলেন। কিছুদিন পর জামিল নিজে একটি প্রতিষ্ঠান দিতে চাওয়ায় তাঁদের মধ্যে সন্দেহ দেখা দেয়। এ অবস্থায় বাবুল ব্যবসাটি বিলোপের জন্য লিখিতপত্র প্রদান করেন। ক. কোন ধরনের সংগঠনে মুনাফার ১৫ শতাংশ সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়? খ. রাষ্ট্রীয় সংগঠনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করো। গ. জামিল ও তাঁর বন্ধুদের ব্যবসাটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের তা ব্যাখ্যা করো। ঘ. জামিলের ব্যবসায় সংগঠনটির ক্ষেত্রে কোন ধরনের বিলোপ সাধন ঘটবে তা বিশ্লেষণ করো। উত্তর: ক. সমবায় ব্যবসা সংগঠনের মুনাফা ১৫ শতাংশ বা শতকরা ১৫ ভাগ সঞ্চয় তহবিলে জমা রাখতে হয়। উত্তর: খ. রাষ্ট্রীয় সংগঠনের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। অর্থাৎ জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্যই রাষ্ট্রীয় সংগঠন। মুনাফা অর্জন নয়, বরং জনগণের সার্বিক কল্যাণ সাধন করাই রাষ্ট্রীয় সংগঠনের মুখ্য উদ্দেশ্য। তাই জনকল্যাণমূলক প্রায় সব প্রতিষ্ঠানই রাষ্ট্রীয় মালিকানায় নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আমাদের দেশে যেমন— রেলওয়ে, ডাক বিভাগ, সেলফোন ইত্যাদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত হয়।উত্তর: গ. জামিল ও তাঁর বন্ধুদের ব্যবসাটি মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসা সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে একত্র হয়ে চুক্তির মাধ্যমে কোনো ব্যবসা সংগঠন গড়ে তোলেন তাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনে সাধারণত দুই থেকে ২০ সদস্য হতে পারে। কিন্তু ব্যাংকিং ব্যবসায়ে দুই থেকে ১০ সদস্য হতে পারে।উদ্দীপকে উল্লিখিত জামিল ও বাবুলসহ পাঁচ বন্ধু মিলে একটি তৈরি পোশাকশিল্প স্থাপন করায় মালিকানার ভিত্তিতে এটি অংশীদারি সংগঠনে পরিণত হয়েছে। কারণ, অংশীদারি সংগঠনের যেসব বৈশিষ্ট্য আছে, তা জামিলদের সংগঠনে বিদ্যমান থাকায় বলা যায় এটি একটি অংশীদারি ব্যবসা সংগঠন। উত্তর: ঘ. জামিল ও তাঁর বন্ধুদের ব্যবসাটির বিজ্ঞপ্তি দিয়ে বিলোপ সাধন ঘটবে। অংশীদারদের চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান ঘটাকে বিলোপ সাধন বলে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত করা যায়। যেকোনো সময় একজন অংশীদার লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে অংশীদারি সংগঠনের বিলোপ সাধন করতে পারে।উদ্দীপকের উল্লিখিত অংশীদারি সংগঠনের একজন সদস্য বাবুল সংগঠনটির বিলোপ সাধনের জন্য একটি লিখিতপত্র দেন, যা অংশীদারি ব্যবসায় সংগঠনের বিজ্ঞপ্তি দিয়ে বিলোপ সাধনের পর্যায়ে পড়ে। অংশীদার কারবারের বিলোপ সাধনের কারণগুলো হলো সব সদস্য একমত হয়ে বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলক এবং আদালতের আদেশে বিলোপ সাধন। উদ্দীপকের উল্লিখিত অংশীদারি ব্যবসায়ে একজন সদস্য জামিল আলাদা একটি প্রতিষ্ঠান দিতে চাওয়ায় সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে বাবুল কর্তৃক লিখিত পত্রটি সংগঠনটির চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান ঘটেছে।