রিকশার আড্ডায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক–শিক্ষার্থীর সম্পর্ককে ক্লাসরুমের বাইরে নিয়ে এসেছে ‘রিকশা’। ছবি: লেখক
শিক্ষক–শিক্ষার্থীর সম্পর্ককে ক্লাসরুমের বাইরে নিয়ে এসেছে ‘রিকশা’। ছবি: লেখক

নয়াদিল্লির নেহরু পার্কে বেশ জমজমাট আড্ডা চলছে। রাত ১০টা পেরিয়ে গেছে। আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ আড্ডাবাজদের একজন নিয়ামত আলী এনায়েত শুরু করলেন জীবনানন্দের কবিতা আবৃত্তি। আড্ডায় নতুন মোড় নিল। সমাজবিজ্ঞানের আলোচনা ছেড়ে এখন হবে কবিতাপাঠের আসর। এক এক করে মৈথিলী আর পারসি ভাষাতেও কবিতাপাঠ হলো খানিকটা। যাঁরা আড্ডা দিচ্ছিলেন, তাঁরা দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের শিক্ষার্থী। আর বাকিরা একই বিভাগের শিক্ষক কিংবা গবেষক। তবে তাঁরা সবাই এখন ‘রিকশাপুলার’ (রিকশাচালক)। অপার প্রকৃতির নিবিড় সান্নিধ্যে চলছে তাঁদের পাঠদান।

‘রিকশা’ হলো বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একটি ‘প্ল্যাটফর্ম’। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অথবা শ্রেণিকক্ষের বাইরে এনে সমাজের নানা বিষয় নিয়ে ধারণা দেওয়ার জন্যই এর জন্ম। তবে পুরো বিষয়টিই হয়ে থাকে আড্ডার ভঙ্গিতে। যেখানে ছাত্র ও শিক্ষকের প্রচলিত সেই দূরত্বটা ঘুচে যায়। রিকশার উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. দেব নাথ পাঠকের ভাষায়, ‘এটি সমগ্র দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। যেখানে শিক্ষার্থীরাই সব আয়োজন করে আর আমরা তাদের ছায়া হয়ে থাকি।’

শিক্ষার্থী ও শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। এই দূরত্ব কমে গেলে শেখাটা সহজ হয়, ফলে শিক্ষার্থীদের মাঝে মানবিক বোধ বিকশিত হয়।

রিকশার সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শিক্ষার্থী নিয়ামত আলী। তিনি বলেন, ‘রিকশার উদ্যোগে প্রতি মাসেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া ভ্রমণ ও আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থাও আছে। দেখার পাশাপাশি নির্ধারিত চলচ্চিত্রটি নিয়ে সরস আলোচনারও ব্যবস্থা থাকে।’ রাজশ্রী চৌধুরী নামের আরেক শিক্ষার্থী বলেন, তাঁদের রিকশা নামে নিজস্ব ব্লগ আছে। যেখানে তাঁরা সমাজ ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে তাঁদের ভাবনাগুলো তুলে ধরেন।

রিকশার অন্যতম উদ্যোক্তা ও সমাজবিজ্ঞানে পিএইচডি অধ্যয়নরত আরেক বাংলাদেশি রতন কুমার রায়। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মানবিক উন্নয়ন ও সামগ্রিক বিকাশে তাঁদের শ্রেণিকক্ষের বাইরের জগতের সঙ্গে পোক্তভাবে পরিচিত হওয়ার প্রয়োজন আছে। সে লক্ষ্যেই কাজ করছে রিকশা।’ এ ছাড়া তাঁরা নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানান। কিছুদিন আগে যেমন এসেছিলেন বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। কথা বলেছেন জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের করণীয় এবং তরুণদের ভূমিকা নিয়ে। এরও আগে ‘ভালোবাসায় ধোঁকা’ ও এর নানা সমাজতাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলে গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক মানস চৌধুরী।

রিকশা নামকরণের পেছনের রহস্যটি ব্যাখ্যা করলেন অধ্যাপক দেব নাথ পাঠক। ‘মূলত রিকশা ব্যাপারটি আমাদের সমগ্র দক্ষিণ এশিয়ারই একটা প্রতীকী ব্যাপারে পরিণত হয়েছে। এ অঞ্চলের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে আনতে রিকশার মতো এমন বিশ্বস্ত বাহন আর কী হতে পারে!’

রিকশার কর্মীদের বলা হয় ‘রিকশাচালক’ আর এসব আয়োজনে যাঁরা অংশ নেন, তাঁদের বলা হয় ‘রিকশাযাত্রী’। রিকশার তেমনই এক নিয়মিত যাত্রী আল মাহমুদ বলেন, মূলত সমাজবিজ্ঞান বিভাগের হলেও রিকশার যাত্রী হতে পারেন যে-কেউ। তবে শর্ত একটাই—আড্ডাবাজ হতে হবে!