রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিবন্ধন স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া সাময়িক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১০ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার নিবন্ধন বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া শুরুর নতুন তারিখ খুব শিগগির জানানো হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক নাজমুল আহসান কলিমউল্লাহ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানেরাসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু হেনা মুস্তাফা কামাল সভায় সদস্যসচিবের দায়িত্ব পালন করেন।
২০১৯-২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এবং জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।