লক্ষ্য নারীশিক্ষার বিস্তার

নারীশিক্ষা প্রসারের লক্ষ্যেই সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির যাত্রা। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। যদিও এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদের উদ্দেশ্য বাণিজ্যিক নয়। আমরা এই প্রতিষ্ঠানকে অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুরোনো ঢাকায় হওয়ায়, এখানকার অধিকাংশ শিক্ষার্থীই পুরোনো ঢাকার। এদিক থেকেও বলা যায়, এটি একটি বিশাল ঘটনা। কারণ, পুরোনো ঢাকার সাধারণ পরিবারগুলো তাদের মেয়েদের পড়ানোর ব্যাপারে খুব বেশি আগ্রহী নয়। অর্থাৎ যে মেয়েরা এখানে ভর্তি হচ্ছে, তাদের হয়তো কখনো উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ হতো না। প্রতিটি বিভাগে শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় শিক্ষকদের সঙ্গে বেশ ভালো বোঝাপড়া থাকে মেয়েদের। আমরা শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের জন্য পড়াই না, তাদের এমনভাবে গড়ে তোলার চেষ্টা করি, যাতে তারা পেশাগত দিক দিয়েও এগিয়ে যায়। এ জন্য দুটি কোর্স আমরা বাধ্যতামূলক পড়াই—ইংরেজি আর কম্পিউটার শিক্ষা। এ ছাড়া বাস্তব অভিজ্ঞতা দিতে আয়োজন করা হয় বিভিন্ন বিষয়ের খ্যাতিমান ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানের।
আমাদের এখানে শিক্ষাব্যয়ও অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম। এর বাইরে আমরা শিক্ষাবৃত্তির ব্যবস্থাও রেখেছি। অনেক সময় দরিদ্র ও মেধাবী মেয়েদের জন্য আমরা ভিন্ন খাত থেকে বৃত্তির ব্যবস্থা করে দিয়ে থাকি। নারীশিক্ষা প্রসারে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
অধ্যাপক পারভীন হাসান
উপাচার্য, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি