
এইচএসসি পরীক্ষার ফল বের হবে ১৩ আগস্ট। আর কিছু দিন পরই শুরু হবে ভর্তিযুদ্ধ। বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শুরু হবে ব্যাপক প্রস্তুতি। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ বেশির ভাগ শিক্ষার্থীরই লক্ষ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিট। নতুনদের অনুপ্রেরণা জোগাতে কথা হচ্ছিল গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শীর্ষ তিন শিক্ষার্থীর সঙ্গে।
প্রথমস্থান অধিকারী রায়হান সোবহান, মণিপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তিনি জানান, ‘গ’ ইউনিটে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়। তবে মেধাতালিকা তৈরির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে নেওয়া হয় আরও ৮০ নম্বর। ‘গ’ ইউনিটের জন্য ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ বিষয়ে ন্যূনতম ১২ নম্বর পেতে হয়। বেশি বেশি অনুশীলনের মাধ্যমে এ বিষয়টি ভালোভাবে রপ্ত করতে হবে। ইংরেজি ব্যাকরণের পাশাপাশি মুখস্থ বিষয়গুলোর ওপরও জোর দিতে হবে। এ ছাড়া শেয়ারবাজার, আন্তর্জাতিক ব্যবসায়-সম্পর্কিত জ্ঞান শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে বলে জানান তিনি।
দ্বিতীয় স্থান অধিকারী শুভধ্বনি পাল ফিন্যান্স বিভাগে। হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা এই শিক্ষার্থী বিশেষভাবে বললেন পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো অনুশীলনের কথা। এসব প্রশ্ন বারবার পড়ার মাধ্যমে একজন শিক্ষার্থী প্রশ্নের ধরন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন, যা তাঁকে পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়টি নিয়ে শুভধ্বনি জানান, মূল বইয়ের পাশাপাশি বাণিজ্যবিষয়ক সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কেও জ্ঞান রাখতে হবে।
ভর্তি পরীক্ষায় তৃতীয় সেরা মারজুকা আফরিদা সুমাইয়া পড়ছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। মাধ্যমিক পাস করেছেন ভিকারুননিসা নূন স্কুল থেকে, আর উচ্চমাধ্যমিক ঢাকা সিটি কলেজ থেকে। তাঁর বাংলা বিষয়টির জন্য পাঠ্যপুস্তক সবচেয়ে সহায়ক। প্রথম পত্রের জন্য বাংলা বোর্ড কর্তৃক প্রণোদিত বইটি এবং দ্বিতীয় পত্রের জন্য নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটির কথা বিশেষভাবে উল্লেখ করলেন। আর হিসাববিজ্ঞানের জন্য এসএসসি ও এইচএসসির সঙ্গে ভর্তি পরীক্ষার প্রস্তুতির পড়াশোনার কিছুটা পার্থক্য আছে। তাই পূর্ববর্তী বছরের প্রশ্ন দেখে একটা ধারণা নিতে হবে।
ভর্তি পরীক্ষার কিছু বিষয়ে তাঁরা একই সুরে বলেন, বাণিজ্য বিভাগের বেশির ভাগ শিক্ষার্থীর লক্ষ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। আসন সীমিত থাকায় ভর্তির জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় শিক্ষার্থীদের। যদিও পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক শিক্ষার্থীই কিছুটা নার্ভাস বোধ করেন। খুব বেশি চিন্তা না করে তাঁদের উচিত মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া। এ ছাড়া কোনো প্রশ্নের ব্যাপারে একেবারে অনিশ্চিত থাকলে তা উত্তর না করাই ভালো। কারণ, প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়।