লক্ষ্য যাঁদের চারুকলা

ছবি আঁকার প্রতিভা অনেকেরই থাকে। কিন্তু সেই প্রতিভা বিকশিত করার জন্য প্রয়োজন পরিচর্যা ও সঠিক নির্দেশনা। এ চিন্তা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রতিবছর আয়োজিত হয় চারুকলা ভর্তি-সহায়ক কর্মশালা।
চারুকলা অনুষদে এই কর্মশালার রেওয়াজ দীর্ঘদিনের। কর্মশালাটি চারুকলা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়। কর্মশালায় ধারণা দেওয়া হয় ড্রয়িং, স্কেচ, শিল্পকলার ইতিহাস, সংস্কৃতি ও দর্শনের প্রথম পাঠ, যা ছবি আঁকার জন্য একান্ত জরুরি। যেমন স্টিল লাইফ ছবি আঁকতে মাপজোখ জানা, আবার ফিগার ড্রয়িংয়ের জন্য পরিপ্রেক্ষিত বোঝার গুরুত্ব অনেকখানি। তেমনি প্রকৃতির নৈসর্গিক দৃশ্য আঁকতে গেলে জানতে হয় কম্পোজিশন। জীবনবোধ ও সৃজনশীলতার সমন্বয়ের জন্য জানা চাই শিল্পকলার ইতিহাস।
বর্তমানে আটটি বিভাগ মিলিয়ে আসন রয়েছে মাত্র ১৩৫টি। তবে ছবি আঁকার বিষয়ে আগ্রহী ছেলেমেয়েরা এ কর্মশালায় অনেক দরকারি বিষয় শিখে নিতে পারেন। শুধু ভর্তির সুযোগ পাওয়াটাই মুখ্য নয়, এই প্রাথমিক ধারণাগুলো যাঁরা ছবি আঁকতে ভালোবাসেন, তাঁদের সবার জন্য একান্ত প্রয়োজনীয়।
ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর স্নাতক শেষ বর্ষে পড়ুয়া শিক্ষার্থীরা এই কর্মশালা পরিচালনা করেন। এ বছর এ কর্মশালার নামকরণ করা হয়েছে ‘কুঁড়ি’। চারুকলা অনুষদে এই কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ০১৬৭৭২৮১১৭৭, ০১৬৭৫৬৪০১২১, ০১৯১৫৩৭৬৬৯০ নম্বরে।
এরই মাঝে শুরু হয়ে গেছে এ বছরের কার্যক্রম। চলবে আগামী চার মাসজুড়ে। তাই তরুণ আঁকিয়েরা বসে না থেকে চলে আসতে পারেন এ কর্মশালায়।