জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬৯ পরীক্ষা পরামর্শ
লেখা শেষে খাতা রিভিশন দেবে

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তোমাদের পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে, তাই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষা শুরু হওয়ার অন্তত আধা ঘণ্টা আগে পরীক্ষার হলে পৌঁছানোর চেষ্টা করবে।
খাতা পাওয়ার পর প্রবেশপত্র দেখে সঠিকভাবে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও অন্যান্য তথ্য পূরণ করবে। যদি কোনো কারণে বৃত্ত ভরাটে বা অন্য কোনো ভুল হয়ে যায়, তবে তা কক্ষে দায়িত্বরত শিক্ষককে জানাবে। পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটি সম্পূর্ণ পড়ে ও বুঝে উত্তর লেখা শুরু করবে।
মনে রাখবে, প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে। যেহেতু সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে হবে, তাই উত্তর লেখার ক্ষেত্রে প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করবে।
সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে সব প্রশ্নের উত্তর করতে পারো। সব প্রশ্নের উত্তর লেখা শেষে সম্পূর্ণ খাতা রিভিশন করবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।
মো. আবুল হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা