প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে রচনামূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে, সে সম্পর্কে দরকারি তথ্য জেনে নাও।
প্রথমে বলব সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রবর্তনে সরকার এ পর্যন্ত যেসব প্রজ্ঞাপন জারি করেছে তার কোনো একটিতেও সৃজনশীল প্রশ্নের কোন অংশের উত্তর কয়টি প্যারায় ভাগ করে লিখতে হবে, তার উল্লেখ নেই। আর সেটা সংগত নয়। কেননা, প্যারার ব্যবহার শিক্ষার্থীর একটা নিজস্ব ব্যাপার। প্রশ্নের চাহিদা অনুসারে শিক্ষার্থী যে উত্তর লিখবে সেখানে ঘটনার বা বিষয়ের বিবরণ দিতে গিয়ে একটা ক্রমধারা বজায় রেখে উত্তর লিখে থাকে। এ ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে একটি ঘটনার বর্ণনা শেষে প্রথমটির যোগসূত্র হিসেবে দ্বিতীয় আর একটি প্রসঙ্গের অবতারণার ক্ষেত্রে ভিন্ন আরেকটি প্যারার ব্যবহার হতে পারে। ফলে সৃজনশীল রচনামূলক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্যারা ব্যবহারের কোনো নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া সংগত নয়।
সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রবর্তনের শুরু থেকে পরীক্ষকদের উত্তরপত্র পরীক্ষণের জন্য বোর্ডগুলো সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর সরবরাহ করে আসছে। ওই সব নমুনা উত্তরের কোথাও কোন অংশের উত্তরে কয়টি প্যারায় শিক্ষার্থীরা উত্তর লিখবে, এ ব্যাপারে কোনো ধরনের নির্দেশনা নেই। পরীক্ষকদের সরবরাহকৃত সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর যাচাই করলে দেখা যাবে, বিষয় ও প্রশ্নভেদে একেকটি সৃজনশীল প্রশ্নের একই উপাংশে (গ ও ঘ অংশ) প্যারার ব্যবহারে পার্থক্য দেখা যায়।
সৃজনশীল প্রশ্ন মূলত দক্ষতাভিত্তিক প্রশ্ন। এটা কোনোভাবে প্যারা সংখ্যা নির্দিষ্ট রেখে উত্তর লেখার ছাঁচ নয়। গণিত, উচ্চতর গণিত এবং হিসাববিজ্ঞান ব্যতীত অন্য সব বিষয়ের প্রতিটি সৃজনশীল প্রশ্ন চারটি অংশে (যথাক্রমে ক, খ, গ ও ঘ অংশ) বিভক্ত। প্রতিটি অংশ একেকটি দক্ষতার (শিক্ষার্থীর পারদর্শিতার) স্তরকে নির্দেশ করে। শিক্ষার্থী প্রতিটি অংশে তার যে স্তরের পারদর্শিতা প্রমাণ করতে চায়, সে অনুসারে উত্তর লিখতে হবে। এ পারদর্শিতা প্রমাণে উত্তর একই শ্রেণি ও একই বিষয়ের একজন শিক্ষার্থী যেখানে একটি প্যারায় উত্তর লিখে দিতে সক্ষম হচ্ছে সেখানে অন্য শিক্ষার্থী সেই প্রশ্নের উত্তরই একাধিক প্যারায় সজ্জিত করেও তার পারদর্শিতা প্রমাণে সক্ষম হতে পারে।
সৃজনশীল প্রশ্নের উত্তরের কলেবর বা দৈর্ঘ্য যৌক্তিক পর্যায়ে সীমিত রাখার লক্ষ্যে সরকার নির্দেশনা জারি করেছে। তাতে একটি সৃজনশীল প্রশ্নের কোন অংশের উত্তর লিখতে সর্বোচ্চ বাক্য সংখ্যা কত হবে, সেটা নির্দিষ্ট করে বলা হয়েছে। ওই নির্দেশনায় ‘ক’ অংশের জন্য সর্বোচ্চ ৩ বাক্যে, ‘খ’ অংশের জন্য সর্বোচ্চ ৫ বাক্যে, ‘গ’ অংশের জন্য সর্বোচ্চ ১২ বাক্যে এবং ঘ অংশের জন্য সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত রাখতে বলা হয়েছে। অবশ্য বিজ্ঞান, গণিত কিংবা অন্যান্য বিষয়ে প্রমাণ ও বিশ্লেষণ শেষ করার জন্য সামান্য বেশি বাক্য প্রয়োজন হলে তা গ্রহণযোগ্য হবে। এ নির্দেশনার কোথাও প্যারা সংখ্যার কথা উল্লেখ করা হয়নি।
তারপরও সৃজনশীল রচনামূলক প্রশ্নের খ, গ ও ঘ অংশের উত্তর লিখতে নির্দিষ্ট সংখ্যায় প্যারার ব্যবহার করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
অনেক গাইড ও নোটবইয়ে সৃজনশীল প্রশ্নের ‘খ’ অংশের উত্তর দুটি প্যারায়, ‘গ’ অংশের উত্তর তিনটি প্যারায় এবং ‘ঘ’ অংশের উত্তর চারটি প্যারায় বিভক্ত করে লেখার উদাহরণ রয়েছে। এমন উদাহরণ দেখে বিশেষ করে শিক্ষার্থীরা এমনকি শিক্ষকেরাও প্যারা করে উত্তর লিখছেন। আর এ রকম উদাহরণকে অবলম্বন করে উত্তরপত্র মূল্যায়নে শিক্ষার্থীর পারদর্শিতা বিবেচনার পরিবর্তে প্যারার সংখ্যা বিবেচনা করে নম্বর প্রদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
প্রিয় শিক্ষার্থীদের বলব, সৃজনশীল রচনামূলক অংশের উত্তর লেখার ক্ষেত্রে প্যারা নয়, প্রশ্নের উত্তরের সঠিক যৌক্তিকতা প্রমাণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
কন্ট্রোলার অব পাবলিকেশন্স
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা