
সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া’ বিষয় থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
সজল বার্ষিক পরীক্ষার আগের দিন বিকেলে খেলা শেষে পায়ে আঘাত পাওয়ায় তার বন্ধুরা তাকে বহন করে বাড়িতে নিয়ে আসে। তার মা কিংকর্তব্যবিমুঢ় হয়ে তাকে ব্যথানাশক মলম দেন এবং বলেন, ‘আজ তোর খেলতে না গেলে এমন কী ক্ষতি হতো? কাল না তোর পরীক্ষা, শুধু খেলা আর খেলা! জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়ালেখার বিকল্প নেই।’ পরের দিন ব্যথা না কমায় সজলকে ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার বলেন, ‘পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে।’
ক. ফ্লিক কী?
খ. স্থান নির্ধারণের ক্ষেত্রে দুজন খেলোয়াড়ের ফলাফল সমান হলে কী হয়, তা ব্যাখ্যা করো।
গ. সজলের এ জটিলতা পরিহারে করণীয় ব্যাখ্যা করো
ঘ. সজলের মায়ের বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর-ক
হকি খেলায় যখন একটি স্থির বা গড়ানো বল পুশ করার পর বলটি হাঁটু পর্যন্ত ওপরে ওঠে তখন তাকে ফ্লিক বলে।
উত্তর-খ
স্থান নির্ধারণের ক্ষেত্রে দুজন খেলোয়াড়ের ফলাফল সমান হলে অ্যাথলেটিকসের ভাষায় টাই বা সমতা হয়। টাই দুই রকমের যথা: ১. উচ্চতার টাই ও ২. দূরত্বের টাই।
পোলভল্ট ও হাই জাম্পে টাই হলে তখন তাকে উচ্চতার টাই বলে। ফিল্ড ইভেন্টের পোল ভল্ট ও হাই জাম্প ব্যতীত বাকি ইভেন্টগুলোতে দূরত্বের টাই হয়।
উত্তর-গ
এ অবস্থায় প্রাথমিক প্রতিবিধান দিতে হবে। প্রাথমিক প্রতিবিধানের সুনির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সেবাদানকারীকে মাথা ঠান্ডা রেখে কাজ করা, রোগীকে ঘটনাস্থল থেকে নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং আহত অঙ্গকে যথাসম্ভব আরাম দেওয়া। উদ্দীপকে এ অবস্থায় সজলের সন্ধিচ্যুতি বা হাড় ভাঙা হতে পারে। প্রাথমিক প্রতিবিধান হিসেবে সজলের মা অথবা বন্ধুদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং আহত অঙ্গকে যথাসম্ভব আরামদায়ক অবস্থায় রাখতে হবে। সন্ধিচ্যুতি বা হাড় ভাঙার ক্ষেত্রে ভেজা কাপড় অথবা বরফ দিয়ে আচ্ছাদন করতে হবে এবং যথাসম্ভব দ্রুততার সঙ্গে হাসপাতালে স্থানান্তর করতে হবে।
উত্তর-ঘ
শারীরিক শিক্ষা ও সাধারণ শিক্ষা একে অপরের পরিপূরক। শারীরিক শিক্ষা ছাড়া সাধারণ শিক্ষা অসম্পূর্ণ। শিক্ষা শুধু বুদ্ধিবৃত্তিক বিকাশ নয়, ব্যক্তির শারীরিক, সামাজিক, আবেগিক ও অন্যান্য দিকের সুষম বিকাশ সাধন করে। উদ্দীপকে সজলের মায়ের বক্তব্যে সন্তানের লেখাপড়ার ব্যাপারে তাঁর সচেতনতা প্রকাশ পেয়েছে। তিনি খেলাধুলার ব্যাপারেও ইতিবাচক। শুধু পরীক্ষার আগের দিন পড়াশোনা রেখে সজলের খেলতে যাওয়ায় তিনি মনঃক্ষুণ্ন হয়েছেন। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সজলের মায়ের বক্তব্য যৌক্তিক।
প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা