শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে মেধাতালিকাসহ চূড়ান্ত ফল তৈরি করে ভর্তি কমিটি। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার উপস্থিতিতে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাজিয়া চৌধুরী, সদস্যসচিব মো. ফারুক উদ্দিন চূড়ান্ত ফলাফলের কপিতে স্বাক্ষর করেন। ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করে বিকেলেই পরীক্ষার ফল মুঠোফোন ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (<http://www.sust.edu/admission/result.php>) প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন নাজিয়া চৌধুরী প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়াও যেকোনো মোবাইল ফোন থেকে sust resultadmission roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করলে পাওয়া যাবে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় ‘এ’ এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।