শাহজালালে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ৩ ডিসেম্বর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটে মোট ৩৫৯ আসন ফাঁকা হয়েছে। ফাঁকা আসনগুলোতে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আগামী ৩ ডিসেম্বর থেকে এ ভর্তিপ্রক্রিয়া শুরু হবে।
আজ বুধবার বিকেলে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ‘বি’ ইউনিটের ৮০০ আসনে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি করেছে কমিটি। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শেষে ওই ইউনিটে ৩৫৯ আসন শূন্য রয়েছে। ‘বি’ ইউনিটের ‘গ্রুপ ১’, ‘গ্রুপ ২’, ‘গ্রুপ ৩’-এ যথাক্রমে ২৩৬, ১১৫ ও আটটি আসন ফাঁকা রয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর সকাল নয়টা থেকে ‘বি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। ওই দিন ‘গ্রুপ ১’, ‘ গ্রুপ ২’, ‘ গ্রুপ ৩’-এ অপেক্ষমাণ তালিকায় থাকা যথাক্রমে ৩০০, ২৫০ ও ১০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
যোগাযোগ করা হলে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও লাইফ সায়েন্স অনুষদের ডিন নাজিয়া চৌধুরী প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।